,

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীকে নিয়ে মন্তব্য: সুপ্রিম কোর্টে আগাম জামিন পেলেন কংগ্রেস নেতা পবন খেড়া

বরাককণ্ঠ প্রতিবেদন: অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মা সম্পর্কে মন্তব্যের জেরে রুজু হওয়া মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা পবন খেড়া। অসম পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে করা আগাম জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি এ এস চান্দুরকরের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর ফলে আপাতত অসম পুলিশ তাঁকে গ্রেফতার…

বরাককণ্ঠ প্রতিবেদন: অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মা সম্পর্কে মন্তব্যের জেরে রুজু হওয়া মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা পবন খেড়া। অসম পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে করা আগাম জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি এ এস চান্দুরকরের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর ফলে আপাতত অসম পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারবে না। গত মাসে এক সাংবাদিক বৈঠকে এআইসিসির অন্যতম মুখপাত্র পবন অভিযোগ তুলেছিলেন, হিমন্তের স্ত্রীর তিনটি বিদেশি পাসপোর্ট, দুবাইয়ে সম্পত্তি ও আমেরিকার কোম্পানিতে বিপুল বিনিয়োগ রয়েছে। এই মন্তব্যের পরই রিণিকি মানহানির মামলা করেন। সেই অভিযোগের ভিত্তিতে অসম পুলিশ পবনের বিরুদ্ধে মামলা রুজু করে।গ্রেফতারি এড়াতে প্রথমে পবন তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন। গত ১০ এপ্রিল তেলঙ্গানা হাই কোর্ট এক সপ্তাহের ট্রানজিট জামিন মঞ্জুর করে। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় অসম সরকার। তাদের যুক্তি ছিল, অসমের আদালতে আবেদন না করে তেলঙ্গানায় আবেদনের কোনও যৌক্তিকতা নেই। ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট তেলঙ্গানা হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। এরপর গুয়াহাটি হাই কোর্টে আগাম জামিন চেয়ে ব্যর্থ হন পবন। গত ২৪ এপ্রিল গুয়াহাটি হাই কোর্ট তাঁর আর্জি খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান তিনি। বৃহস্পতিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। শুক্রবার রায় দিতে গিয়ে আদালত জানায়, আগাম জামিনের আর্জি মঞ্জুর করা হল। শুনানিতে পবনের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, আগাম জামিন না পেলে এর মূল উদ্দেশ্যই বিফলে যাবে। তাঁর যুক্তি, পবনের বিরুদ্ধে আনা অভিযোগগুলির মধ্যে কয়েকটি জামিনযোগ্য ধারা। বাকি ধারাগুলিতে এখনই গ্রেফতার করে হেনস্থার কোনও প্রয়োজন নেই। অভিযোগের সত্যতা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যদিকে অসম সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, পবন গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি দাবি করেন, কংগ্রেস নেতা হিমন্তের স্ত্রীর পাসপোর্টের নকল এবং বিকৃত প্রতিলিপি দেখিয়েছেন। মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক দেশের নাগরিকত্ব নিয়ে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও আদালতে জানান সলিসিটর জেনারেল। দু’পক্ষের সওয়াল শোনার পরই সুপ্রিম কোর্ট পবন খেড়ার আগাম জামিন মঞ্জুর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *