বরাককণ্ঠপ্রতিবেদন: নতুন দিল্লিতে নির্মীয়মাণ অসম ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। রবিবার সকালে তিনি নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী নির্মাণকাজের গতি ও গুণগত মান যাচাই করেন এবং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। আধিকারিকরা তাঁকে প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন।
মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সম্পন্ন হওয়া কাজ সম্পর্কে খোঁজ নেন এবং নির্ধারিত মান বজায় রেখে দ্রুত নির্মাণকাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের স্পষ্ট জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্মাণকাজ শেষ করতে হবে। কোনওভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা চলবে না।
নির্মাণকাজের ক্ষেত্রে সঠিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা এবং পরিকল্পিত সমস্ত পরিকাঠামোর সঠিক বাস্তবায়নের ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।
পরে মুখ্যমন্ত্রীর দফতর সামাজিক মাধ্যমে জানায়, ‘আজ সকালে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নতুন দিল্লিতে নির্মীয়মাণ অসম ভবনের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি নির্মাণকাজের সব দিক পর্যালোচনা করেন এবং সময়মতো ও নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন।’
নির্মীয়মাণ নতুন অসম ভবনে তিনটি বেসমেন্ট, একটি গ্রাউন্ড ফ্লোর এবং ছয়টি তলা থাকবে। এই ভবনটি জাতীয় রাজধানীতে আসা অসমের বাসিন্দা, সরকারি প্রতিনিধি এবং অতিথিদের জন্য গুরুত্বপূর্ণ আবাসন ও প্রশাসনিক সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে।
নতুন দিল্লিতে অসমের প্রাতিষ্ঠানিক উপস্থিতি আরও শক্তিশালী করবে এই ভবন। সরকারি প্রতিনিধি দল, অতিথি এবং রাজধানীতে যাতায়াতকারী অসমের বাসিন্দাদের জন্য উন্নত সুবিধা নিশ্চিত করতে অসম সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প হিসেবে এই উদ্যোগকে দেখা হচ্ছে।
পরিদর্শনের সময় অসম ভবনের রেসিডেন্ট কমিশনার কবিতা পদ্মনাভন-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।













