বরাককণ্ঠ প্রতিবেদন: বরাক উপত্যকার সাংবাদিকতা ও সুশীল সমাজের অভিভাবক, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরীর ৭৫তম জন্মদিবস উপলক্ষে প্রকাশিত হচ্ছে সম্মাননা গ্রন্থ ‘রাজাকাহিনি’।
তৈমুর রাজা চৌধুরী সম্মাননা পরিষদ, শিলচরের উদ্যোগে আগামী ২৬ মে ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায় শিলচরের বঙ্গ ভবনে অনন্ত দেব সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে। একই মঞ্চে আয়োজিত হবে সুহৃদ সম্মেলন।
কলমে-কর্মে কিংবদন্তি তৈমুর রাজা চৌধুরী
শিলচর ও গুয়াহাটি থেকে প্রকাশিত সাময়িক প্রসঙ্গ-এর হাল ধরে বরাকের সাংবাদিকতাকে যিনি নতুন উচ্চতায় নিয়ে গেছেন, তিনি তৈমুর রাজা চৌধুরী। শুধু সম্পাদক নন, তিনি একজন দক্ষ সংগঠক এবং সমাজ-সংস্কৃতির নিবেদিত প্রাণ। সাত দশকের বর্ণময় জীবনে তিনি জড়িয়ে আছেন বরাকের প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে।
‘রাজাকাহিনি’: এক জীবন্ত সময়ের দলিল
সম্মাননা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাজাকাহিনি’ নিছক একটি গ্রন্থ নয়, এটি তৈমুর রাজা চৌধুরীর কর্মময় জীবনের এক জীবন্ত দলিল। বরাকের বিশিষ্ট লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও শুভানুধ্যায়ীদের লেখায় উঠে এসেছে তাঁর সাংবাদিকতা, সংগঠন, সমাজসেবা ও ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায়।
আয়োজকদের আহ্বান
সম্মাননা পরিষদের সভাপতি ড.অমলেন্দু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত ও মুখ্য সংযোজক মিলন উদ্দিন লস্কর এক যৌথ বিবৃতিতে বলেন, “তৈমুর দা বরাকের অভিভাবক। তাঁর ৭৫ বছরের জীবন মানেই বরাকের ইতিহাস। ‘রাজাকাহিনি’র মাধ্যমে আমরা সেই ইতিহাসকে ধরে রাখতে চেয়েছি। ২৬মে বঙ্গ ভবনে সকল শুভানুধ্যায়ী, সাহিত্যপ্রেমী ও নাগরিকবৃন্দের উপস্থিতি কামনা করছি।”
অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠান সূচি
গ্রন্থ: তৈমুর রাজা চৌধুরী সম্মাননা গ্রন্থ ‘রাজাকাহিনি’
উপলক্ষ: ৭৫তম জন্মদিবস
তারিখ: ২৬ মে ২০২৬, মঙ্গলবার
সময়: বিকেল ৪টা
স্থান: বঙ্গ ভবন, অনন্ত দেব সভাকক্ষ, চারতলা, শিলচর
আয়োজক: তৈমুর রাজা চৌধুরী সম্মাননা পরিষদ, শিলচর












