বরাককণ্ঠপ্রতিবেদন: বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবির সমর্থনে “হাই কোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা ইউনিট, শিলচর”-এর উদ্যোগে আগামী ৩০শে মে, ২০২৬ শনিবার শিলচরে দুটি কর্মসূচি নেওয়া হয়েছে।
কমিটির প্রচার সম্পাদক নিখিল পাল এক প্রেস বার্তায় জানিয়েছেন, প্রথমে দুপুর ১২ ঘটিকায় কাঁচাকান্তি বিদ্যামন্দিরে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। পরে বিকাল ৩:০০ ঘটিকায় উধারবন্দস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কাঁচাকান্তি মন্দির প্রাঙ্গণে এক বিশাল গণস্বাক্ষর অভিযানের শুভ সূচনা হবে। পরবর্তীতে সমগ্র বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এই গণস্বাক্ষর অভিযান পরিচালিত হবে এবং সর্বস্তরের সাধারণ মানুষের সমর্থন সংগ্রহ করা হবে।
কেন এই দাবি?
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ কয়েক দশক ধরে গৌহাটি হাইকোর্টের মূল আসনে বিচার সংক্রান্ত কাজে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। শত শত কিলোমিটার দূরে গৌহাটি গমনাগমন করতে গিয়ে সাধারণ বিচারপ্রার্থীদের চরম আর্থিক ব্যয়, সময়ের অপচয়, শারীরিক কষ্ট ও মানসিক দুর্ভোগের সম্মুখীন হতে হয়। বহু দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার শুধুমাত্র আর্থিক অসুবিধা এবং দূরত্বের কারণে যথাসময়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন না। ফলে ন্যায়বিচার লাভের সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রেই কার্যত ব্যাহত হচ্ছে।
কমিটির মতে, বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলের জনগণের জন্য একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ বর্তমান সময়ের এক অত্যন্ত জরুরি ও মানবিক প্রয়োজন। বরাক উপত্যকার যেকোন স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষ সহজ, দ্রুত এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার লাভের সুযোগ পাবেন। তখন বিচার ব্যবস্থাকে আরও বিকেন্দ্রীকরণ করার পাশাপাশি সাধারণ মানুষের নিকট বিচার ব্যবস্থাকে অধিকতর সহজলভ্য ও কার্যকর করে তুলবে।
গণআন্দোলনের অংশ এই কর্মসূচি
কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই গণস্বাক্ষর অভিযান কেবলমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং বরাক উপত্যকার মানুষের সাংবিধানিক অধিকার, বিচারিক সমতা এবং প্রশাসনিক ন্যায্যতার দাবিতে এক বৃহত্তর গণআন্দোলনের অংশ। আগামী দিনে বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এলাকা, সামাজিক সংগঠন এবং বিভিন্ন জনবহুল স্থানে গিয়ে সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হবে।
মুখ্য বিচারপতির কাছে স্মারকলিপি
কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, গৌহাটি হাইকোর্টের মাননীয় মুখ্য বিচারপতির সঙ্গে হাই কোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির এক প্রতিনিধিদল শীঘ্রই সাক্ষাৎ করবেন। উক্ত প্রতিনিধিদল প্রায় পনেরো হাজার সাধারণ মানুষের গণস্বাক্ষর সম্বলিত এক স্মারকপত্র মাননীয় মুখ্য বিচারপতির নিকট আনুষ্ঠানিকভাবে পেশ করবেন। তৎসঙ্গে বরাক উপত্যকায় একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, ভৌগোলিক বাস্তবতা, বিচারপ্রার্থীদের দুর্ভোগ, প্রশাসনিক সুবিধা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সম্ভাব্য অবকাঠামোগত দিকসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করে একটি রঙ্গীন চিত্রসহ বিশদ Vision Document-ও প্রদান করা হবে।
সর্বস্তরের সহযোগিতার আহ্বান
কমিটির মতে, বরাক উপত্যকায় একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা কেবলমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা এবং বিচারিক সমতার প্রশ্নের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে অবহেলিত এই দাবিকে বাস্তবায়িত করার জন্য সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ গণআন্দোলন অত্যন্ত প্রয়োজনীয় বলে কমিটি মনে করে।
এই ঐতিহাসিক গণআন্দোলনকে সফল করার লক্ষ্যে সমাজের সর্বস্তরের সচেতন নাগরিক, আইনজীবী সমাজ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-যুব সংগঠন, ব্যবসায়ী মহল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণতন্ত্রপ্রিয় সকল মানুষকে উক্ত গণস্বাক্ষর অভিযানে উপস্থিত থেকে সক্রিয় সহযোগিতা, সংহতি ও সমর্থন প্রদানের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।












