বরাককণ্ঠ প্রতিবেদন: পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। ১৫ থেকে ২০ বছর পুরনো পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন রাজ্যে নিষিদ্ধ করা হবে। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “এই পদক্ষেপের মূল লক্ষ্য দূষণ কমানো, পরিচ্ছন্ন পরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করা এবং রাজ্যজুড়ে পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা। পুরনো গাড়ি থেকে নির্গত ধোঁয়া বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ।”
সরকারি জ্বালানি ব্যবহারে ২০% কাটছাঁট
আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, সরকারি কার্যক্রমে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং দায়িত্বশীল শক্তি ব্যবহারের লক্ষ্যে অসম সরকার পেট্রোল ও ডিজেলের ক্রয় ও ব্যবহার আগের তুলনায় ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ড. শর্মা আরও বলেন, “সরকার ধাপে ধাপে বিকল্প ও পরিচ্ছন্ন পরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করবে। ইলেকট্রিক যান, সিএনজি ও অন্যান্য পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়িয়ে প্রচলিত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোই আমাদের লক্ষ্য।” নতুন নীতির ফলে রাজ্যে ই-যানবাহন ও গণপরিবহণের ব্যবহার বাড়বে বলে আশা করছে সরকার। কবে থেকে পুরনো গাড়ি নিষিদ্ধের নির্দেশ কার্যকর হবে, সে বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে পরিবহণ দপ্তর।












