বরাককণ্ঠপ্রতিবেদন: পশ্চিমবঙ্গের জনপ্রিয় নাট্য দল অনীক আয়োজিত তৃতীয় বরাক-বাংলা নাট্যোৎসবে অংশ নিতে এবার কলকাতা যাচ্ছে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার ও পয়লাপুলের রেস থিয়েটার। ১৮-২০ তিন দিনের এই নাট্যোৎসব হবে কালীঘাটের তপন থিয়েটারে। এই নাট্যোৎসবে প্রতিদিন রয়েছে একটি করে প্রযোজনা। উদ্বোধনী দিনে রেস মঞ্চায়ন করবে তাদের নাটক ‘ত্রিকাল পাশা’। পরের দিন অর্থাৎ উনিশে মে-তে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ও ঋতুপর্ণ ঘোষের চিত্রনাট্য অবলম্বনে নাটক ‘নৌকাডুবি’ পরিবেশন করবে আজকের প্রজন্ম থিয়েটার। আর, অন্তিম দিনে আয়োজক অনীক মঞ্চস্থ করবে তাদের নবতম নাটক ‘আঙিনা জুড়ে ভোর’।
২০২৪ সালে প্রথমবারের মতো এই নাট্যোৎসবের আয়োজন করেছিল অনীক। মূলত বরাকের সঙ্গে বাংলার এক নতুন নাট্য-যোগসূত্র গড়ে তুলতেই অনীকের অরূপ রায়, অভিজিৎ সেনগুপ্তরা গুরুদায়িত্বটি কাঁধে তুলে নেন। এ ভাবনার নেপথ্যেও ছিলেন দুই নাট্য ব্যক্তিত্ব কলকাতার আশিস গোস্বামী ও শিলচরের নিখিল পাল। প্রথবারের দুরন্ত সাফল্যের পর, গত বছর থেকে মূলত উনিশে মে, ভাষা শহিদ দিবসকে সামনে রেখে বরাক-বাংলা নাট্য উৎসবের আয়োজন করছে অনীক। ফলে, শুধু নাট্য সম্পর্ক নয়, উনিশে মে-র চেতনাকে কলকাতার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই উৎসব।
এদিকে, রেস থিয়েটার পরিবেশন করবে ইন্দ্রনীল দে রচিত-নির্দেশিত প্রযোজনা ‘ত্রিকাল পাশা’। আর, ‘নৌকাডুবি’র নির্দেশক সায়ন বিশ্বাস, নাট্যরূপ বিপ্লব দাসের। অনীকের ‘আঙিনা জুড়ে ভোর’ নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন ড. গৌরব দাস। উল্লেখ্য, এর আগে গত বছর শিলচরের দল গণসুর ও নন্দিনী পাঠচক্র তাদের প্রযোজনা মঞ্চায়ন করে দারুণ সাড়া ফেলেছিল। আর, প্রথম বছর অর্থাৎ ২০২৪ সালে এই আয়োজনে অংশ নেয় শিলচরের রূপম, রেস থিয়েটার এবং শ্রীভূমির ‘বিশ্ববীণা’ নাট্য সংস্থা।
মূলত, ১৯৬১-র বরাক উপত্যকার রক্তক্ষয়ী ইতিহাস ও ভাষা সংগ্রামের দলিকে কলকাতার দর্শককূলের সামনে তুলে ধরতেই এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে উনিশে মে-কে কেন্দ্র করে। তাই তিন দিনের এ আয়োজনে থাকছে আলোচনা চক্র সহ উনিশে মে স্বরণও। ১৮ মে উদ্বোধনী সন্ধ্যায় ‘ভাষার অধিকার: অধিকারের ভাষা’ শীর্ষক বিষয়ের ওপর আলোকপাত করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. তীর্থঙ্কর চন্দ। এরপর শুরু হবে রেস থিয়েটারের নাটক। পরের দিন, অর্থাৎ উনিশে মে সন্ধেয় ‘ভাষা শহিদ স্মরণ’ করা হবে সন্ধে ছ’টা থেকে, এরপর শুরু হবে আজকের প্রজন্মের নাটক ‘নৌকাডুবি’।












