নিজস্ব সংবাদদাতা, শিলচর: ১৯ মে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে এবারও পথে নামছে বরাক। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের উদ্যোগে আগামী ১৭ মে, রবিবার বিকেল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘১৯ এর মহা পথচলা’। মঞ্চ ২৮ বছর ধরে এই মহাপথচলার আয়োজন করে আসছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
কর্মসূচি:
রাঙ্গিরখাড়ি থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে। ‘হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ’ — এই মূল স্লোগানকে সামনে রেখে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে বরাক উপত্যকার সর্বস্তরের মানুষ।
মঞ্চের আহ্বান:
সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে বরাক উপত্যকার সব ভাষাপ্রেমী, সংস্কৃতিকর্মী, ছাত্র-যুব, আবালবৃদ্ধবনিতাকে এই মহা পথচলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সকল সদস্যরা আশাবাদী, এই মহাপথচলায় সবাই যোগদান করে শহিদের আত্মবলিদানকে যথাযোগ্য মর্যাদা দেবে। মঞ্চের সাধারণ সম্পাদক অজয়কুমার রায় বলেন, “একষট্টির ১৯ মে আমাদের অস্তিত্বের শিকড়। সেই শহিদের রক্তের ঋণ শোধ করতে, ভাষা ও সংস্কৃতির অধিকার রক্ষার শপথ নিতে আমরা প্রতি বছর পথে নামি। দলমত নির্বিশেষে সবাই আসুন।”
উনিশের চেতনা:
১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে পুলিশের গুলিতে শহিদ হন ১১ জন ভাষা সেনানী। কমলা ভট্টাচার্য, শচীন্দ্র পাল, কানাইলাল নিয়োগী-সহ সেই অমর শহিদদের আত্মত্যাগের পথ ধরেই বরাক উপত্যকায় বাংলা ভাষা পায় দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি। সেই ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই দীর্ঘ ২৮ বছর ধরে এই মহা পথচলার আয়োজন।
মিছিলে থাকবে প্ল্যাকার্ড, ফেস্টুন, স্লোগান। ধ্বনিত হবে ‘শোনো ডাকে ঐ একাদশ শহিদেরা ভাই’, ‘১৯শে মে অমর রহে’, ‘বাংলা ভাষা জিন্দাবাদ’।
সময় ও স্থান:
তারিখ: ১৭ মে ২০২৬, রবিবার
সময়: বিকেল ৩.৩০ ঘটিকা হইতে
যাত্রাপথ: রাঙ্গিরখাড়ি থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠ পর্যন্ত।












