বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি: হিন্দুত্বের ইস্যুতে ভরসা রেখে অসমে বড় জয় পেল বিজেপি। ১২৬ আসনের বিধানসভায় ৮২টি আসন জিতে টানা দ্বিতীয়বার সরকার গড়ল গেরুয়া শিবির। আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ঝাঁপালেন হিমন্ত বিশ্বশর্মা। বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকরের প্রস্তাব।
প্রতিশ্রুতি পূরণে তৎপর হিমন্ত
মঙ্গলবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। বুধবারই প্রথম বৈঠকে বসে অসমের নতুন মন্ত্রিসভা। সেখানেই পেশ করা হয় অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল। বৈঠকেই সর্বসম্মতভাবে পাশ হয়ে যায় খসড়াটি। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল UCC। সরকার গড়েই প্রতিশ্রুতি রক্ষায় কাজ শুরু করে দিল বিজেপি।
কী বলছেন মুখ্যমন্ত্রী?
হিমন্তের কথায়, “অভিন্ন দেওয়ানি বিধির ফলে বহুবিবাহ বন্ধ হবে। লাভ জিহাদ, লিভ-ইন সম্পর্কে লাগাম টানা যাবে। বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুটোই নথিভুক্ত করাতে হবে। মহিলাদের উত্তরাধিকার সুনিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “সংকল্পপত্রে UCC কার্যকরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, সেই বার্তাই দিতে চাই।”
আদিবাসীদের ছাড়, ঐতিহ্যে হাত নয়
ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গোয়া এবং গুজরাটে চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। তবে অসমের সামাজিক বাস্তবতা মাথায় রেখে বিধি তৈরি করছে হিমন্তের সরকার। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাহাড় এবং সমতলের প্রত্যেক আদিবাসী গোষ্ঠীকে অভিন্ন দেওয়ানি বিধির বাইরে রাখা হয়েছে। অসমের মানুষের ঐতিহ্য এবং রীতিনীতিকেও বাদ দেওয়া হয়েছে UCC থেকে। মন্ত্রিসভায় পাশ হওয়ার পর চলতি মাসের শেষদিকেই বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল।
আরও প্রতিশ্রুতি
নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ভোটে জেতার তিন মাসের মধ্যে লাগু হবে UCC। সেইসঙ্গে অহমিয়া জনতার ঐতিহ্য ও অধিকার রক্ষার জন্য আইনগত সুরক্ষা জোরদার করা হবে। জাতিগত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করেই UCC বাস্তবায়ন হবে বলে জানানো হয়েছিল। সেই কথা রাখতে উদ্যোগ নিয়েছেন হিমন্ত। অন্যদিকে পাঁচ বছরে ২ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণেও কাজ শুরু করছে অসমের নতুন সরকার।












