বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিল্পীদের জন্য সুখবর। অসম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয়, রবীন্দ্র ভবন, গুয়াহাটির পক্ষ থেকে ২০২৬-২৭ দ্বিতীয় বর্ষের অসম শিল্পী পেনশন প্রকল্পের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসম সরকার রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পেনশন / পরিবার পেনশন এবং বার্ষিক শিল্পী সম্মান প্রদান করে আসছে। ইতিমধ্যে রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে প্রয়াত শিল্পীদের অভাবগ্রস্ত পরিবারবর্গকেও বিশেষ পরিবার পেনশন প্রদান করা হচ্ছে। অসম সরকারের ১৯৮৭ সালের শিল্পী পেনশন ও বিশেষ পরিবার পেনশন সংশোধিত নিয়মাবলীর অধীনে এই আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী শিল্পীদের প্রয়োজনীয় প্রমাণপত্র সহ অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ (দুপুর ১২টা) থেকে ১০ অক্টোবর, ২০২৬ (মধ্যরাত ১২টা)
উক্ত দিনের পর উল্লিখিত ওয়েব লিঙ্কটি বন্ধ হয়ে যাবে। নির্দিষ্ট তারিখের পর অথবা অফলাইন যোগে দাখিল করা আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
আবেদন করতে ইচ্ছুক দিব্যাঙ্গ ও শয্যাগত শিল্পীদের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের অধীনস্থ সাংস্কৃতিক কেন্দ্রসমূহের দায়িত্বে থাকা সাংস্কৃতিক উন্নয়ন বিষয়া অথবা নিবন্ধন সহায়করা সংশ্লিষ্ট জেলায় গিয়ে আবেদন দাখিল করতে সহায়তা করবেন।












