বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসমের সাংস্কৃতিক জগতের অন্যতম প্রিয় শিল্পী জুবিন গার্গের অমর সৃষ্টি, ভাবনা ও শিল্পসত্তাকে স্মরণ করে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে এবং আরোহন ফাউন্ডেশন ও গৌহাটি আর্টিষ্টছ’ গিল্ডের সহযোগিতায় আগামী ১৯ সেপ্টেম্বর চাঁদমারির গৌহাটি আর্টিষ্টছ’ গিল্ডে বিকেল ৪টা থেকে যৌথভাবে আয়োজিত হতে চলেছে বিশেষ ব্যতিক্রমী অনুষ্ঠান ‘Forever Zubeen: Through Melodies, Words & Colours’।
জুবিন গার্গের বহুমাত্রিক সৃষ্টিশীলতাকে সুর, শব্দ ও রঙের মাধ্যমে স্মরণ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর গান, সাহিত্যিক ভাবনা এবং শিল্পীসত্তাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আয়োজন করা হয়েছে একটি বিশেষ আর্ট কম্পিটিশন। শিশু-কিশোরদের মধ্যে জুবিন গার্গের শিল্পভাবনা ও সৃষ্টির প্রতি আগ্রহ তৈরি করার পাশাপাশি তাঁদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত আর্ট কম্পিটিশনে অংশগ্রহণকারীদের চারটি বিভাগে ভাগ করা হয়েছে। A বিভাগে KG থেকে Class II, B বিভাগে Class III থেকে Class VI, C বিভাগে: Class VII থেকে Class X, D বিভাগ: Class XI এবং তার ঊর্ধ্বের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় কৃতী অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হবে ড.সীমা কাশ্যপের রচিত গ্রন্থ ‘মাতামর রাহালিগ জুবিন গাৰ্গ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। জুবিন গাৰ্গকে নিয়ে রচিত এই গ্রন্থটি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় অনুবাদ করেছেন ড. লক্ষ্মীন্দ্র কুমার সিংহ। জুবিনের জীবন, সৃষ্টি ও শিল্পভাবনাকে অন্য একটি ভাষিক পরিসরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই গ্রন্থের অনুবাদ বিশেষ তাৎপর্য বহন করবে।
অনুষ্ঠান সম্পর্কে ব্যতিক্রম গ্রুপের কর্মধার ড.সৌমেন ভারতীয়া বলেন, “জুবিন গার্গকে স্মরণ করার সবচেয়ে সুন্দর উপায় হল তাঁর সৃষ্টিকে মানুষের মধ্যে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া। ‘Forever Zubeen’-এ সুর, শব্দ ও রঙের যে সম্মিলন ঘটছে, তা জুবিনের বহুমাত্রিক শিল্পীসত্তারই প্রতিফলন। ড. সীমা কাশ্যপের রচিত গ্রন্থের উদ্বোধন এবং সেটির বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় অনুবাদ জুবিনের সৃষ্টিকে আরও বৃহত্তর সাংস্কৃতিক পরিসরে পৌঁছে দেবে। পাশাপাশি আর্ট কম্পিটিশনের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতার সঙ্গে জুবিনের শিল্পভাবনাকে যুক্ত করার উদ্যোগটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা চাই, জুবিনের গান ও ভাবনা শুধু স্মৃতিতে নয়, নতুন প্রজন্মের সৃষ্টির মধ্য দিয়েও বেঁচে থাকুক।”
আরোহন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাপক সীমা কাশ্যপ বলেন, ” “Forever Zubeen’ জুবিন গার্গের সৃষ্টিকে সুর, শব্দ ও রঙের মাধ্যমে স্মরণ করার একটি সুন্দর প্রয়াস। এই অনুষ্ঠানে আমার গ্রন্থের বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্করণের উদ্বোধন হতে চলেছে, যা আমার কাছে অত্যন্ত আনন্দের। আমার মূল অসমীয়া গ্রন্থ ‘জুবিন গাৰ্গ-এই সত্ত্বা’ ইতিমধ্যে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে। এবার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় অনুবাদ হয়েছে। আমার ইচ্ছা, ভবিষ্যতে ভারতের বিভিন্ন ভাষায় এই গ্রন্থটি অনুবাদ ও প্রকাশিত হোক, যাতে জুবিন গার্গের জীবন, সৃষ্টি ও ভাবনা আরও বৃহত্তর মানুষের কাছে পৌঁছে যায়।”
‘Forever Zubeen: Through Melodies, Words & Colours’ তাই হয়ে উঠতে চলেছে জুবিন গার্গের প্রতি এক বহুমাত্রিক শ্রদ্ধার্ঘ্য-যেখানে তাঁর সৃষ্টিকে স্মরণ করা হবে সুরে, সাহিত্যে, রঙে এবং নতুন প্রজন্মের সৃজনশীলতায়।
অনুষ্ঠানে প্রবেশ অবাধ।












