বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : দুর্গাপুজোয় অনুদান নিয়ে জরুরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর তিনি ঘোষণা করেন, এবার রাজ্য সরকারের তরফে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে সরকারি সাহায্য না নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপুজোয় সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন, সেটা রাজ্যের জন্য ভাল ছিল না। সরকারের যেটা দায়িত্ব, সেটা সরকার পালন করবে। কিন্তু ভোটে তো কোনও লাভ হয়নি। অনেকেই নির্ভরশীল হয়ে গিয়েছেন। গ্রামীণ এলাকাতে অনেক জায়গা বিজনেস নেই, ইন্ডাস্ট্রি নেই। আমি মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করতে চাই না। আমি নির্দেশ দিতে চাই না। আমি ব্যবস্থাটা রাখছি। আমি দেখতে চাই, কারা আমার আপিলটা গ্রহণ করেন।”
তিনি স্পষ্ট বলেন, “আমি বড় বাজেটের বা সক্ষম বাজেট যাদের, তাঁদের বলব আপনারা, পুজোতে সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না। নেওয়াটা অপরাধ বলব না। যাদের এই টাকাটা না হলে, পুজো করতে পারবেন না, তাঁদের জন্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে।”
অনুদান পাওয়ার পদ্ধতি:
মুখ্যমন্ত্রী জানান, “আপনারা থানা লেভেলে আবেদন করবেন। থানা লেভেলে স্ক্রুটিনি করে, থানা থেকে তালিকা, এসপি বা সিপির মাধ্যমে, ডিজিপি-র মাধ্যমে সিএস-এর কাছে পাঠাবেন। সিএস অর্থ দফতরে পাঠিয়ে দেবে।”
পুজো নিয়ে কড়া বার্তা:
১. পুজোর সময় রাজ্যের কোথাও ডিজে বাজানো যাবে না। হবে না কার্নিভালও।
২. মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে বন্ধ থাকবে মদের দোকান। বারেও বিক্রি হবে না মদ।
৩. রাস্তা বন্ধ করে পুজো করা যাবে না।
৪. দেবীপক্ষ শুরুর আগে পুজো উদ্বোধন করা যাবে না। মহালয়ার আগে কোনও পুজোর উদ্বোধন নয়।
৫. রাজ্যের জাতীয় সড়ক বন্ধ করা যাবে না। কলকাতার ১৩টি রাস্তা খোলা রাখতে হবে — ডিএল খান রোড, রেড রোড, জওহরলাল নেহেরু রোড, স্ট্র্যান্ড রোড, খিদিরপুর রোড, বর্ধমান রোড, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, নির্মল চন্দ্র স্ট্রিট, লেনিন সরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিট, পার্ক সার্কাস কানেক্টর, প্রিন্স আনোয়ার শাহ রোড।
৬. দুর্গাপুজো এবং বিসর্জনে ডিজে বাজানো যাবে না। লক্ষ্মীপুজোর আগে বিসর্জন শেষ করতে হবে। এবছর লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর।
৭. পুজোর থিমে, প্রতিমা নির্মাণের ক্ষেত্রে, প্যান্ডেলে যাতে এমন কিছু করা না হয়, যার দ্বারা দুর্গাপুজোর ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যে আঘাত লাগে।












