বিশ্বজিৎ আচার্য। শিলচর : আসন্ন শিলচর পুরনিগম নির্বাচনের আগে বিজেপি তার নির্বাচনী কর্মসূচি তুলে ধরেছে। রবিবার ইটখলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ কুমার শইকিয়া বলেন, উন্নয়নকে মূল লক্ষ্য রেখে শিলচরে ‘আমূল পরিবর্তন’ আনা হবে এবং শহরকে ‘পরিচ্ছন্ন-সবুজ’ হিসেবে গড়ে তোলা হবে।
শইকিয়া জানান, সীমানা পুনর্নির্ধারণের পর শিলচর পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ২৮ থেকে বেড়ে ৪২ হয়েছে এবং ভোটার সংখ্যা ২ লক্ষ ৭০ হাজারের বেশি। মহিলা ও তফসিলি জাতির জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
বিজেপির ঘোষণা: ডিজিটাল প্ল্যাটফর্ম, QR-GPS বর্জ্য ব্যবস্থাপনা, ১০ হাজার স্ট্রিট লাইট*
‘ওয়ান সিটি, ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম’ ধারণার অধীনে একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে। আবর্জনা ব্যবস্থাপনায় বাসিন্দারা QR কোডের মাধ্যমে তথ্য জানাতে পারবেন এবং GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে আবর্জনা সংগ্রহ করা হবে।
এছাড়া ফাটকবাজার-সহ অন্যান্য বাজারের সংস্কার, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ১০ হাজার স্ট্রিট লাইট স্থাপন এবং নাগরিকদের পরিষেবা প্রদানের জন্য ‘সেবা কেন্দ্র’ স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভাষা শহিদদের স্মরণে একটি ভাষা শহিদ জাদুঘর স্থাপনেরও ঘোষণা দেওয়া হয়েছে।
নিকাশি-জলাবদ্ধতায় স্থায়ী সমাধান
‘ট্রিপল ইঞ্জিন সরকার’-এর মাধ্যমে শিলচরের সার্বিক উন্নয়নই প্রধান লক্ষ্য বলে উল্লেখ করে শইকিয়া বলেন, উন্নয়ন প্রকল্প যাতে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে না থাকে, তা নিশ্চিত করা হবে। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে দীর্ঘদিনের নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
৪২ ওয়ার্ডে সংগঠন শক্তিশালী, ২৪৯ জন মনোনয়ন
শইকিয়া বলেন, ৪২টি ওয়ার্ডেই দল সংগঠনকে আরও শক্তিশালী করছে। পুরনিগম নির্বাচনে মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩ অক্টোবর ভোট এবং ৬ অক্টোবর ভোটগণনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডা. রাজদীপ রায়, বিধায়ক কিশোর নাথ, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, মন্ত্রী কৌশিক রায়, বিজয় মালাকার, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা এবং কাছাড় বিজেপির সভাপতি রূপম সাহা।












