,

৬৫তম শিক্ষক দিবসে কাছাড়ের প্রবীণ শিক্ষকদের সম্মাননা, কয়েক দশকের শিক্ষকতাকে কুর্নিশ জেলা প্রশাসনের

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিক্ষক দিবসের আবহে কাছাড় জেলায় প্রবীণ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাল জেলা প্রশাসন। শনিবার ৬৫তম শিক্ষক দিবস উপলক্ষে “রাজ্যপাল অসম বরিষ্ঠ শিক্ষক সন্মান ২০২৬”-এর অধীনে জেলার এমন কয়েক জন প্রবীণ শিক্ষককে সম্মানিত করা হয়, যাঁদের কয়েক দশকের শিক্ষকতা একাধিক প্রজন্মের পড়ুয়ার জীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিক্ষক দিবসের আবহে কাছাড় জেলায় প্রবীণ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাল জেলা প্রশাসন। শনিবার ৬৫তম শিক্ষক দিবস উপলক্ষে “রাজ্যপাল অসম বরিষ্ঠ শিক্ষক সন্মান ২০২৬”-এর অধীনে জেলার এমন কয়েক জন প্রবীণ শিক্ষককে সম্মানিত করা হয়, যাঁদের কয়েক দশকের শিক্ষকতা একাধিক প্রজন্মের পড়ুয়ার জীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, আইএএস এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালওয়ার, এসিএস জেলার প্রবীণতম অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ৮৪ বছর বয়সি জ্যোতির্ময় চৌধুরীকে সম্মান জানান। রাজাবাজার ব্লকে প্রাথমিক স্তরে শিক্ষকতা করেছেন শ্রী চৌধুরী। প্রাথমিক শিক্ষার ভিত শক্ত করতে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের স্বীকৃতি হিসাবে তাঁর হাতে গামছা, লোকভবনের পক্ষ থেকে মানপত্র এবং ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়। শুধু জেলা সদরেই নয়, জেলার বিভিন্ন শিক্ষা ব্লকেও এই সম্মাননা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালওয়ার, এসিএস-এর নেতৃত্বে প্রবীণ আধিকারিকেরা সংশ্লিষ্ট শিক্ষা ব্লকের প্রবীণতম অবসরপ্রাপ্ত শিক্ষকদের গামছা ও ফলের ঝুড়ি দিয়ে সম্মানিত করেন।

সম্মানিত শিক্ষকদের তালিকায় রয়েছেন রাজাবাজারের কুমুদ গোয়ালা, নরসিংপুরের ক্ষীর মোহন মিশ্র, সোনাইয়ের শিবেন্দ্র কুমার বিশ্বাস, লক্ষীপুরের মণি মোহন সিংহ, সালচাপড়ার মঞ্জুশ্রী ভট্টাচার্য, উধারবন্দের কানাইলাল ছেত্রী এবং শিলচর আর্বানের সুনীতি নাথ।

এ দিকে, কাছাড় জেলার বিভিন্ন ব্লক স্তরেও শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা কর্মসূচির আয়োজন করা হয়। যে সব এলাকায় এই প্রবীণ শিক্ষকেরা দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, সেখানকার সাধারণ মানুষ, শিক্ষা দফতরের আধিকারিক এবং স্থানীয় অংশীদারেরা অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম পড়ুয়াকে মানুষ করে তোলার ক্ষেত্রে শিক্ষকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তা-ও স্মরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *