,

পৌরসভা আয়ুক্ত সংস্থার সঙ্গে মন্ত্রী কৌশিক রায়ের বৈঠক, উন্নত পুর প্রশাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

বরাককণ্ঠ প্রতিবেদন। দিসপুর: গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ জনতা ভবনের ব্লক-বি-তে তাঁর কার্যালয়ের সভাকক্ষে সারা আসাম পৌরসভা আয়ুক্ত সংস্থার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও আয়ুক্তরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যা ও প্রত্যাহ্বানের কথা তুলে ধরেন। সংস্থার সভাপতি ড.সুরজিৎ বর্মন বিভিন্ন সমস্যা…

বরাককণ্ঠ প্রতিবেদন। দিসপুর: গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ জনতা ভবনের ব্লক-বি-তে তাঁর কার্যালয়ের সভাকক্ষে সারা আসাম পৌরসভা আয়ুক্ত সংস্থার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও আয়ুক্তরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যা ও প্রত্যাহ্বানের কথা তুলে ধরেন। সংস্থার সভাপতি ড.সুরজিৎ বর্মন বিভিন্ন সমস্যা ও দাবি মন্ত্রীর সামনে তুলে ধরেন।

মন্ত্রী রায় সংস্থার যুক্তিসঙ্গত সমস্যাগুলি সমাধানে বিভাগের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পুর প্রশাসনের দায়িত্ব আরও নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য করা হবে বলেও তিনি জানান।

নগর প্রশাসন আরও শক্তিশালী করতে সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সবাইকে সমন্বিত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান। সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে দক্ষ, দায়বদ্ধ ও জনমুখী পুর পরিষেবা নিশ্চিত করার উপর তিনি জোর দেন।

মন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই রাজ্যের সব নগর স্থানীয় সংস্থার কাজের মূল্যায়ন করা হবে। কাজের ভিত্তিতে স্থানীয় সংস্থাগুলিকে সৌরবাতি সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। পুরসভাগুলিকে আরও শক্তিশালী করতে উন্নত কাজ, ফলপ্রসূ পরিষেবা এবং সম্পদের দক্ষ ব্যবহারকে গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে ধরা হবে।

তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যের সব স্থানীয় সংস্থার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কার্যনির্বাহী আধিকারিক, আর্থিক ব্যবস্থাপনা আধিকারিক এবং নগর কারিগরি আধিকারিকদের নিয়ে আরেকটি বৈঠক হবে। ওই বৈঠকে নগর উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপের কার্যকর রূপায়ণ এবং স্থানীয় সংস্থার কর্মদক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠকে গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের সচিব তথা ভারপ্রাপ্ত পুর প্রশাসন সঞ্চালক টঙ্কেশ্বর দাসও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *