,

শিলচরে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অভিনব উদ্যোগ: ১১ রাজ্যে একসাথে ‘শতকণ্ঠে সহস্রকণ্ঠ’

বরাককণ্ঠ প্রতিবেদন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে সাংস্কৃতিক সংগঠন ‘রবিধারা, রবীন্দ্র সংগীত চর্চা কেন্দ্র’। আগামী ১০ মে ২০২৬, রবিবার, সন্ধ্যা ৬টায় শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে ‘চিরনূতন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শতকণ্ঠে সহস্রকণ্ঠ’। নতুন আঙ্গিকে হাজার কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশনের লক্ষ্যেই এই আয়োজন। এবারের সবচেয়ে বড় চমক হল, শিলচর…

বরাককণ্ঠ প্রতিবেদন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে সাংস্কৃতিক সংগঠন ‘রবিধারা, রবীন্দ্র সংগীত চর্চা কেন্দ্র’। আগামী ১০ মে ২০২৬, রবিবার, সন্ধ্যা ৬টায় শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে ‘চিরনূতন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শতকণ্ঠে সহস্রকণ্ঠ’। নতুন আঙ্গিকে হাজার কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশনের লক্ষ্যেই এই আয়োজন। এবারের সবচেয়ে বড় চমক হল, শিলচর সহ ভারতের ১১টি রাজ্যের ১১টি প্রেক্ষাগৃহে একই দিনে, একই সময়ে ১৭টি রবীন্দ্রসংগীত পরিবেশিত হবে। শতাধিক শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান একসাথে ধ্বনিত হবে দেশের বিভিন্ন প্রান্তে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি রাজ্যের অনুষ্ঠান স্ক্রিনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকবে। ফলে শিলচরে বসেই দর্শকরা কলকাতা, দিল্লি, মুম্বাই সহ অন্যান্য রাজ্যের শিল্পীদের পরিবেশনা সরাসরি উপভোগ করতে পারবেন। এই প্রযুক্তিগত সংযোগের মাধ্যমে ‘শতকণ্ঠে সহস্রকণ্ঠ’ সত্যিকার অর্থেই সর্বভারতীয় রূপ পেতে চলেছে। সমগ্র অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনা ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার ‘সংগীত ভারতী মুক্তধারা’-র বিশিষ্ট সংগীতশিল্পী অরুন্ধতি দেব। তাঁর তত্ত্বাবধানেই দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীরা একই সুরে, একই তালে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন। ‘রবিধারা’-র পক্ষ থেকে জানানো হয়েছে, কবিগুরুকে ‘কবি প্রণাম’ জানাতেই এই আয়োজন। রবীন্দ্রনাথের গানের শাশ্বত বাণীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। উল্লেখযোগ্য বিষয় হল, এই অনুষ্ঠানে দর্শকদের জন্য কোনো প্রবেশ মূল্য থাকছে না। আয়োজক কমিটির পক্ষ থেকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ নাথ সকল রবীন্দ্রপ্রেমী, সংস্কৃতিকর্মী ও শিলচরবাসীকে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *