বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : ব্যক্তিগত শত্রুতাকে যারা নৃশংস হত্যার রূপ দেয় তারা কাপুরুষ। এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত।
গত ১২ আগস্ট শ্রীভূমি জেলার বাজারিছড়ার ছাগল মোয়া গ্রামের বিজেপি দলের বুথ সভাপতি বিকাশ ধর-কে বাড়ি থেকে ডেকে নিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে একটি পরিবারকে সম্পূর্ণভাবে বিপন্ন করে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে নাগরিক অধিকার রক্ষা কমিটি, আসাম।
কমিটির সচিব প্রধান সাধন পুরকায়স্থ এক প্রেস বার্তায় বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের দল-মত ও ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যেভাবে প্রতিবাদে সরব হয়েছেন, তা এলাকার মানুষের মানসিকতা ও প্রগতিশীল চিন্তাধারার প্রতিফলন।
উত্তেজনাবশত ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটলেও সমাজের চিন্তাশীল ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটাকে বেশিদূর এগোতে দেননি। এর জন্য আমরা ওই অঞ্চলের সকল শ্রেণীর মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।
সাধন পুরকায়স্থ আরও বলেন, আমরা চাই এই ঘটনার যথাযথ তদন্ত হোক। প্রকৃত দোষী ও তাদের প্রশ্রয়দাতারা যেন কোনোভাবেই রক্ষা না পায়। এই দাবি আমরা পুলিশ প্রশাসনের কাছে রাখছি। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত ও অন্যদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আগামীতে শুধু শ্রীভূমি জেলায় নয়, সারা বরাক উপত্যকায় শান্তি ও সম্প্রীতির বাতাবরণ অক্ষুন্ন রাখতে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সেই সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদেরও অবাঞ্ছিত ও অসাংবিধানিক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
আমরা বিকাশ ধরের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সরকারের কাছে আমাদের দাবি, বিকাশ ধরের পরিবারকে যেন পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়।












