বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী: দেশের গৌরবোজ্জ্বল ৮০তম স্বাধীনতা দিবসের পবিত্র ক্ষণে আজ গুয়াহাটী জাতীয় পতাকা উত্তোলন করেন আসামের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। পতাকা উত্তোলনের পর তিনি অসমবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন ভাষণ দেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। ভাষণের শুরুতেই তিনি স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন ভারতের ৮০তম বর্ষ উদযাপন করছি। তাঁদের দেখানো পথই আমাদের ভবিষ্যতের পাথেয়।”
মুখ্যমন্ত্রী বলেন, সংগ্রামের গৌরবময় ইতিহাসকে বুকে নিয়ে অসম আজ উন্নয়নের নতুন গতিতে এগিয়ে চলেছে। রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করা থেকে শুরু করে শিল্প-বিনিয়োগ, উন্নত পরিকাঠামো, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং নারীশক্তির সবলীকরণ — সবকিছুই এক “শক্তিশালী ও আত্মনির্ভর অসম” গড়ার লক্ষ্যকে সামনে রেখে হচ্ছে।
তিনি আরও বলেন, “আজ স্বাধীনতা দিবসের এই পবিত্র তিরঙ্গার তলায় আমরা সংকল্প নিচ্ছি, এমন এক অসম গড়ার যেখানে প্রতিটি যুবক-যুবতীর হাতে থাকবে সুযোগ, প্রতিটি মহিলা পাবেন আত্মনির্ভরতার শক্তি, প্রতিটি গ্রাম পৌঁছাবে উন্নয়নের আলোয় এবং প্রতিটি পরিবারের বুকে জেগে উঠবে নতুন আশা।”

ড.শর্মা বলেন, স্বাধীনতার ৮০ বছরে দাঁড়িয়ে এটাই আমাদের প্রতিজ্ঞা। অতীতের গৌরবকে সারথি করে এবং বর্তমানের শক্তিকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতের এক বিকশিত, শক্তিশালী ও সমৃদ্ধ অসম গড়ে তুলব। এই যাত্রায় রাজ্যের প্রতিটি নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসমের বিভিন্ন জনজাতির ঐতিহ্যবাহী নৃত্য, দেশাত্মবোধক গান এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় গোটা মাঠ মুখরিত হয়ে ওঠে। উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, উচ্চপদস্থ আধিকারিক সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।












