বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হওয়া প্রতিটি ঘরে তেরঙ্গা অভিযানে রাজ্যের সকল মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিযান। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেই ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই অভিযানের মূল উদ্দেশ্য। আসুন, আমরাও ঘরে ঘরে তেরঙ্গা তুলে দেশের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি।”
এই অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে আজ বিকেল ৩টায় গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসমের মাননীয় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য।












