বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখা। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ ও সাহিত্যপ্রেমীরা। এরপর কবিতা পাঠ, রবীন্দ্রসংগীত পরিবেশন এবং আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও সমাজচিন্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, বিশ্বসাহিত্যে রবীন্দ্রনাথের অবদান চিরস্মরণীয় এবং বাঙালির সংস্কৃতি, চেতনা ও মানবতাবোধ গঠনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজ সংস্কারক। তাঁর চিন্তাধারা আজও সমান প্রাসঙ্গিক। স্মরণানুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অতীন দাশ, রূপম নন্দীপুরকায়স্থ সহ গুণীজনেরা। এছাড়াও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখার সদস্যবৃন্দ, স্থানীয় সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে যোগ দেন। শ্রদ্ধা, আলোচনা, কবিতা ও রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস।












