বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: আজ থেকে শুরু হচ্ছে দেশজোড়া ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান। চলবে আগামী ১৭ই আগস্ট পর্যন্ত। নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলন এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এই উদ্যোগ থেকে।
২০২২ সালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে শুরু হওয়া এই অভিযান এখন দেশের অন্যতম বৃহৎ জন-অংশগ্রহণমূলক আন্দোলনে পরিণত হয়েছে। গত কয়েক বছরে এটি সত্যিকারের জনআন্দোলনের রূপ নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ের মানুষ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে ভারতের ঐক্য, সম্মান ও সম্মিলিত জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে উদযাপন করছেন।
এবারের অভিযানের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এবছরই ভারতের জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বার্ষিকী। এই উপলক্ষে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে একসাথে উদযাপন করা হবে। দেশজুড়ে গণসঙ্গীতের মাধ্যমে বন্দে মাতরম গাওয়ার আয়োজন করা হবে।
স্বাধীনতা দিবসের স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে সরকার ১৪ই অগাষ্ট ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ পালন করবে। ভারত বিভাজনের সময় মানুষের দুর্ভোগ ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতেই এই দিন পালন করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নীরব মিছিল, বিভাজন বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শনী ও অন্যান্য স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নাগরিকদের এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বলেছে, গর্বের সাথে জাতীয় পতাকা উত্তোলন করুন, বন্দে মাতরম শিখুন ও গান করুন, সমাজের কর্মসূচিতে অংশ নিন এবং স্বাধীনতার পথে যারা আত্মত্যাগ করেছেন তাঁদের স্মরণ করুন।
বিদেশেও উদযাপন
বিশ্বের ২০০টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এবারের অন্যতম আকর্ষণ হলো ‘সূর্যপথ তিরঙ্গা’ ডিজিটাল রিলে। সময়ের পার্থক্য অনুযায়ী সূর্যোদয়ের ক্রম মেনে ৫৪টি ভারতীয় মিশন ও পোস্ট এই রিলেতে অংশ নেবে। ১৫ই আগস্ট ফিজিতে অবস্থিত ভারতের পূর্বতম কূটনৈতিক মিশন থেকে এই রিলে শুরু হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট জেনারেলে গিয়ে শেষ হবে।












