বরাককণ্ঠ প্রতিবেদন। শান্তিনিকেতন : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ‘বাইশে শ্রাবণ’ উপলক্ষে আগামী ৮ আগস্ট শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে এক বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের অধীনস্থ এই কেন্দ্রটি ‘কবিতা ও গানে’ রবীন্দ্রস্মরণের মাধ্যমে দিনটি পালন করবে।
অনুষ্ঠানে সূচনা কথা রাখবেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি। সন্ধ্যা ৬টায় শুরু হতে চলা এই অনুষ্ঠানে কবিগুর বিভিন্ন কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসংগীত পরিবেশিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে সকলের প্রবেশ অবাধ। ‘Amrit Kaal’ এর অঙ্গ হিসেবে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
উল্লেখ্য, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র দীর্ঘদিন ধরে পূর্ব ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।












