এককালীন ২৫ কোটি টাকা ফি, রুট ভিত্তিক আলাদা অনুমতির ঝামেলা শেষ
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: ভারতীয় রেল কন্টেনার ট্রেন অপারেটরদের জন্য বড় স্বস্তি দিয়ে মডেল কনসেশন এগ্রিমেন্টে সংশোধনী অনুমোদন করেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কন্টেনার ট্রেন অপারেটর বা CTO-রা ভারতীয় রেলের নেটওয়ার্কের সমস্ত রুটে একটিমাত্র অল-ইন্ডিয়া লাইসেন্সের মাধ্যমে কন্টেনার ট্রেন চালাতে পারবেন। এর জন্য এককালীন অভিন্ন রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে ২৫ কোটি টাকা। আগে বিভিন্ন রুট ক্যাটাগরির জন্য আলাদা আলাদা অনুমতি ও ফি দেওয়ার যে ব্যবস্থা ছিল, সরকার সেটিও তুলে দিয়েছে।
মন্ত্রক জানিয়েছে, অনুমোদিত সংশোধনীতে আরও বলা হয়েছে যে কোনও কন্টেনার ট্রেন অপারেটরের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর তা আরও ২০ বছরের জন্য বাড়ানো যাবে। অভিন্ন রেজিস্ট্রেশন ফি এবং এক্সটেনশন ফি তুলে দেওয়ার ফলে নিয়ন্ত্রক খরচ কমবে এবং অনুমোদন প্রক্রিয়া সহজ হবে। এর ফলে বেসরকারি সংস্থাগুলির আরও বেশি অংশগ্রহণ এবং কন্টেনার ট্রেন পরিচালনার সম্প্রসারণে উৎসাহ মিলবে বলে আশা করছে মন্ত্রক।
মন্ত্রক আরও জানায়, রাস্তা থেকে বেশি পরিমাণে কন্টেনার পরিবহন রেলে স্থানান্তরিত হলে হাইওয়ের উপর চাপ কমবে। পাশাপাশি জ্বালানি খরচ এবং কার্বন নিঃসরণও কমবে, যা টেকসই মাল পরিবহনকে উৎসাহিত করবে।












