কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : আদালতের কার্যপ্রণালীর স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি বিচারব্যবস্থার মর্যাদা ও গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আদালতের শুনানির অডিও ও ভিডিও রেকর্ডিং ব্যবহার এবং প্রকাশ সংক্রান্ত নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পূর্বানুমতি ছাড়া কোনও ব্যক্তি বা সংস্থা আদালতের শুনানির অডিও-ভিডিও রেকর্ডিং প্রকাশ, সম্প্রচার, সম্পাদনা বা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না।
নতুন নিয়ম অনুযায়ী, আদালতের রেকর্ডিং শুধুমাত্র বিচারিক ও প্রশাসনিক প্রয়োজনে সংরক্ষিত থাকবে। অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, টেলিভিশন বা অন্য কোনও ডিজিটাল মাধ্যমে তা প্রচার করা আইন লঙ্ঘনের শামিল হতে পারে। আদালতের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন, বিভ্রান্তিকর সম্পাদনা বা প্রসঙ্গবিহীন প্রচারের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বিচারব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা বজায় রাখা এবং আদালতের কার্যক্রমকে ভুল ব্যাখ্যা বা অপব্যবহার থেকে রক্ষা করা। একই সঙ্গে বিচারপতি, আইনজীবী ও মামলাকারীদের অধিকার এবং গোপনীয়তাও সুরক্ষিত থাকবে।
তবে আদালতের অনুমোদিত ও সরকারি মাধ্যমে প্রকাশিত অডিও-ভিডিও বা তথ্য সাধারণ মানুষ দেখতে ও ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্ট মহলের মতে, প্রযুক্তির যুগে বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি তথ্যের অপব্যবহার রোধে এই নির্দেশিকা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।












