বরাককণ্ঠ প্রতিবেদন: সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল ! পাঁচ রাজ্যে ভোটের মাঝে ৫০০ কোটির মদ সহ নগদ টাকা বাজেয়াপ্ত নির্বাচন কমিশনের। ছাব্বিশে বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট সুষ্ঠু ও অবাধ করতে একাধিক কড়া পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। ভোটবঙ্গে যাতে অবৈধ সামগ্রী পাচার, লেনদেন না হয়, তার জন্য আলাদা করে নজরদারিও চালানো হয়। পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র বঙ্গেই শেষ দফা ভোট এখনও বাকি। তার আগে সোমবার বিকেলে প্রচারের শেষে নির্বাচন কমিশন জানাল, এবার পাঁচ রাজ্য থেকে রেকর্ড অঙ্কের মদ, টাকা ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের হিসেবে এই অঙ্ক ৫০০ কোটি ছাপিয়ে গিয়েছে। মদ এবং বেআইনি টাকা-সহ ৫১০ কোটির সামগ্রী বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে মদ ও মাদকই উদ্ধার হয়েছে ২৩৬ কোটির বেশি। কমিশনের হিসেব অনুযায়ী, ২০২১ সালে এই অঙ্কটা ছিল কমবেশি ৩৩৯ কোটি টাকা। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই হিসেব দিয়েছে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবার বাড়তি নজরদারির সঙ্গে সঙ্গে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছিল কমিশন। সেইসঙ্গে অন্যান্য রাজ্য অর্থাৎ তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরিতেও একইভাবে তল্লাশি চালানো হয়েছে। ৫ রাজ্যের হিসেব দিয়ে কমিশন জানিয়েছে, ৪৮ লক্ষ লিটারের বেশি অবৈধ মদ উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ১২৬ কোটির বেশি। উদ্ধার হওয়া বে-আইনি মাদকের মূল্য ১১০ কোটি। এছাড়া ৫৮ কোটির বেশি মূল্যের অলংকার এবং নগদ ৩০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭২৮ টি ফ্লাইং স্কোয়াড ও ৩১৪২ নজরদারি দল কাজ করেছে। তাদের নিবিড় ‘অপারেশনে’ই এত কিছু উদ্ধার করা হয়েছে। এই হিসেব আজ বিকেল পর্যন্ত। কমিশনের আশঙ্কা, এরপরও কেউ কেউ বেআইনিভাবে মদ-মাদক ও নগদ লেনদেনের চেষ্টা হতে পারে। সেক্ষেত্রেও কমিশনের কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েছে কমিশন।












