,

প্লাস্টিকের নোট আসছে ভারতে, ১০ ও ২০ টাকা দিয়ে ট্রায়াল শুরু করছে আরবিআই

বরাককণ্ঠ প্রতিবেদন। নতুন দিল্লি : ভারতের নোটের চেহারায় এবার বড় বদল আসতে চলেছে। অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের মতো ভারতেও এবার কাগজের বদলে প্লাস্টিক বা পলিমার দিয়ে তৈরি নোট চালু করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই নোটের সবচেয়ে বড় সুবিধা হল এটি জলে ভিজবে না, ধুলো-ময়লায় নষ্ট হবে না এবং সাধারণ কাগজের নোটের মতো সহজে…

বরাককণ্ঠ প্রতিবেদন। নতুন দিল্লি : ভারতের নোটের চেহারায় এবার বড় বদল আসতে চলেছে। অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের মতো ভারতেও এবার কাগজের বদলে প্লাস্টিক বা পলিমার দিয়ে তৈরি নোট চালু করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই নোটের সবচেয়ে বড় সুবিধা হল এটি জলে ভিজবে না, ধুলো-ময়লায় নষ্ট হবে না এবং সাধারণ কাগজের নোটের মতো সহজে ছিঁড়েও যাবে না। ফলে নোটের আয়ু অনেক বেড়ে যাবে এবং ব্যাংকগুলোর ছাপার খরচও কমবে। সূত্রের খবর অনুযায়ী, নতুন প্রজন্মের মুদ্রা চালুর পরিকল্পনার অংশ হিসেবে আরবিআই খুব শীঘ্রই দেশে পলিমার নোটের প্রথম পাইলট প্রকল্প শুরু করতে চলেছে। প্রথম ধাপে কম ঝুঁকির কথা ভেবে ১০ টাকা ও ২০ টাকার নোট দিয়েই পরীক্ষা চালানো হবে। কারণ এই দুটি নোট বাজারে সবচেয়ে বেশি হাতবদল হয় এবং সহজে নষ্টও হয়। এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য ও জনগণের প্রতিক্রিয়ার ভিত্তিতেই পরবর্তীতে ৫০, ১০০ বা ২০০ টাকার নোটে পলিমার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে। আরবিআই আশা করছে পরীক্ষা সফল হলে ২০২৭ সাল থেকে পর্যায়ক্রমে দেশের সব জায়গায় এই আধুনিক নোট চালু করা সম্ভব হবে।

এই প্রকল্পের জন্য আরবিআই ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। নোট ছাপানোর জন্য প্রয়োজনীয় বিশেষ পলিমার শিট কেনার লক্ষ্যে বিশ্বজুড়ে টেন্ডার ডাকা হয়েছে। নথিতে বলা হয়েছে, যে সংস্থা উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত পলিমার সাবস্ট্রেট দিতে পারবে তারাই এই কাজ পাবে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এই টেন্ডারে আবেদন করা যাবে। আরবিআই স্পষ্ট করে জানিয়েছে, পলিমার নোট এলেও পুরনো কাগজের নোট একেবারে বন্ধ হবে না। বরং দুই ধরনের নোটই কিছুদিন একসঙ্গে বাজারে চলবে। ধীরে ধীরে মানুষ যখন নতুন নোটে অভ্যস্ত হবে তখন কাগজের নোটের পরিমাণ কমানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, পলিমার নোটের আরেকটি বড় গুণ হল এতে জাল করা অনেক কঠিন। কারণ পলিমার শিটের মধ্যে স্বচ্ছ জানালা, বিশেষ কালি ও অন্যান্য সুরক্ষা ফিচার খুব সহজে বসানো যায় যা সাধারণ কাগজে সম্ভব নয়। এর ফলে দেশের মুদ্রা ব্যবস্থা আরও সুরক্ষিত হবে। প্রসঙ্গত বিশ্বের ৪০টিরও বেশি দেশে এখন পলিমার নোট চালু আছে। ভারতেও বহুদিন ধরেই আরবিআই এই প্রযুক্তি আনার কথা ভাবছিল। অবশেষে এবার সেই পরিকল্পনা বাস্তবের পথে। যদিও এই বিষয়ে আরবিআই-এর তরফে এখনও সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *