বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : জগন্নাথ রথযাত্রার পবিত্র তিথিতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের বার্তায় তিনি লিখেছেন, “জগন্নাথ রথযাত্রার পুণ্য উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই মহান উৎসব আমাদের দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রকাশ।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি ভক্তি, ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা বহন করে। রথের দড়িতে টান দেওয়ার সময় সমাজের সব স্তরের মানুষ এক হয়ে যান। এটাই ভারতের সংস্কৃতির আসল সৌন্দর্য।”
এই শুভ দিনে প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি প্রার্থনা করেন, “মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে আমাদের দেশ উন্নতির পথে আরও এগিয়ে যাক। প্রতিটি পরিবারে সুখ ও সমৃদ্ধি আসুক।”
আজ পুরীর শ্রী জগন্নাথ মন্দির, গুজরাটের আহমেদাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে বিপুল উৎসাহ ও ভক্তির সঙ্গে রথযাত্রা পালিত হচ্ছে। লক্ষ পুণ্যার্থী রথের দড়ি স্পর্শ করে পুণ্য অর্জন করছেন। প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।













