আলোচনা, প্রতিকৃতি অঙ্কন ও প্রদান, সঙ্গীত-নৃত্যে শ্রদ্ধাঞ্জলি
বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : ড.শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আজ সংস্কার ভারতী, পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় রাষ্ট্রীয় গীত ও জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের সময় দীপমন্ত্র উচ্চারণ করা হয়।
পরবর্তী পর্বে মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিদের একে একে সম্বর্ধনা জানানো হয়। অতিথিরা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। তাঁরা তাঁর দেশসেবা, আত্মত্যাগ ও জাতীয়তাবোধের কথা স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠান চলাকালীন সংস্কার ভারতীর এক সদস্য চিত্রশিল্পী মঞ্চেই তাঁর তুলির টানে ড.শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি অঙ্কন করেন। পরে সংস্কার ভারতীর পক্ষ থেকে সেই প্রতিকৃতি পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মাননীয় আশিস গিরি মহাশয়ের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল তিনটি আকর্ষণ। উত্তর কলকাতার ‘সঙ্গীতাঞ্জলি’-র সঙ্গীত পরিবেশনা, দক্ষিণ কলকাতা ও হাওড়া গ্রামীণের যৌথ উদ্যোগে সংগীতালেখ্য এবং দক্ষিণ কলকাতার কাবেরী পুইতন্ডী-র তত্ত্বাবধানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।












