বরাককণ্ঠ প্রতিবেদন: “প্রকৃত দেশ গড়ার প্রধান হাতিয়ার হল সংস্কৃতি চর্চা। সংস্কৃতি বাঁচলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে” – এই বিশ্বাস থেকে আসন্ন রাজ্য বাজেটে বরাক উপত্যকার সংস্কৃতির জন্য অর্থ বরাদ্দ করে শিল্প-সংস্কৃতির প্রচার ও প্রসারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বরাকের সংস্কৃতি মহল। শিলচর ইয়ুথ কয়্যার, নৃত্যাঞ্জলি সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, সুরমল্লার মিউজিক ইনস্টিটিউট, রবি-জুঁই সঙ্গীত বিদ্যালয়, শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখা সহ বরাকের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মনে করছে সংস্কৃতির অবহেলায় আজ হারিয়ে যাচ্ছে হাজার বছরের পরিচয়, ধামাইল-ঝুমুর-যাত্রা-পালাগান আগামী প্রজন্ম চিনবে না। মাঠ, মঞ্চ, গ্রন্থাগারের অভাবে যুবসমাজ হতাশায় ডুবছে এবং একজন শিল্পীর সঙ্গে জড়িয়ে থাকা শব্দকর্মী, আলোকশিল্পী, সাজশিল্পী থেকে চায়ের দোকানদার পর্যন্ত বহু পরিবারের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি গান, কবিতা, নাটক, খেলা কমে গেলে কমবে মনুষ্যত্বের চর্চাও। এই পরিস্থিতিতে বরাকের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিনীত অনুরোধ জানিয়েছে সংস্কৃতি মহল। একইসঙ্গে অসম সরকারের রেজিস্ট্রেশন থাকা সংস্থা গুলির জন্য আর্থিক অনুদান সহ শিল্পীদের আর্থিক সাহায্যের জন্য বাজেট বরাদ্দ করার অনুরোধও রেখেছেন শিল্পী সমাজ। অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার কাছে তাদের বিনীত আবেদন, এবারের বাজেটে বরাকের শিল্প-সংস্কৃতির বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ রইল এবং বরাকের মানুষের আশা সংস্কৃতির প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এবার বাজেটে অর্থ বরাদ্দ হবে।













