আধুনিকীকরণের জন্য ৯৭.৯০ কোটি টাকা বরাদ্দ রাজ্য মন্ত্রিসভার
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসম পুলিশের আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার আরও একধাপ এগোল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অসম পুলিশের ১১২ নম্বর জরুরি পরিষেবাকে অত্যাধুনিক রূপে সাজানো হবে। এর জন্য রাজ্য মন্ত্রিসভা ৯৭.৯০ কোটি টাকা বরাদ্দ করেছে।
নতুন ব্যবস্থায় রাজ্যজুড়ে ২০০টি পুলিশের গাড়ি থাকবে। প্রতিটি গাড়িকেই একটি করে ‘ভ্রাম্যমাণ পুলিশ থানা’ হিসেবে ব্যবহার করা হবে। প্রতিটি গাড়ির নেতৃত্বে থাকবেন একজন উপ-পরিদর্শক। ডেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১১২-এর একটি কেন্দ্রীয় ফোন কেন্দ্র স্থাপন করা হবে।
কেউ ১১২-এ ফোন করলে ফোনকর্মী উপগ্রহ সংকেতের সাহায্যে ঘটনাস্থলের সবচেয়ে কাছের গাড়িটিকে চিহ্নিত করবেন এবং সঙ্গে সেই গাড়িকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেবেন। অর্থাৎ ফোন করার পরই নিকটবর্তী ভ্রাম্যমাণ থানাটি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবে।
এই পরিষেবার আরও একটি বড় দিক হল, ১১২-এ ফোন করলে শুধু পুলিশি সাহায্যই নয়, অন্যান্য জরুরি পরিষেবাও পাওয়া যাবে। চিকিৎসার প্রয়োজন হলে পুলিশ নিজেই রোগী বাহনকে খবর দেবে। আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুলিশ দমকল বাহিনীকে জানাবে।
সরকারি সূত্রে জানা গেছে, এই প্রকল্প রূপায়ণের জন্য কম্পিউটার প্রোগ্রাম, ২০০টি গাড়ির পাশাপাশি ১০০০ জন চালক এবং নিয়ন্ত্রণ কক্ষে কাজ করার জন্য ২০০ জন যুবক-যুবতীর প্রয়োজন হবে।
সরকারের আশা, এই ‘ভ্রাম্যমাণ পুলিশ থানা’ চালু হলে অপরাধ, দুর্ঘটনা বা যে কোনো বিপদে অসমের মানুষ আরও দ্রুত এবং সময়মতো সাহায্য পাবেন।












