,

অস্ট্রেলিয়া সফরে মোদীকে ‘প্রাণনাশের হুমকি’, তদন্তে অস্ট্রেলিয়া পুলিশ

ফেসবুক পোস্টে মন্তব্য, আইপি অ্যাড্রেসের সূত্রে খোঁজ চলছে বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রাণনাশের হুমকি’ দেওয়া হয়েছে বলে দাবি করেছে সে দেশের একটি সংবাদমাধ্যম। ফেসবুকে পোস্ট করে এই হুমকি দেওয়া হয় বলে জানানো হয়েছে। অস্ট্রেলিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া হয়ে আগামী ৮ জুলাই অস্ট্রেলিয়ায় পৌঁছবেন মোদী। ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল…

ফেসবুক পোস্টে মন্তব্য, আইপি অ্যাড্রেসের সূত্রে খোঁজ চলছে

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রাণনাশের হুমকি’ দেওয়া হয়েছে বলে দাবি করেছে সে দেশের একটি সংবাদমাধ্যম। ফেসবুকে পোস্ট করে এই হুমকি দেওয়া হয় বলে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া হয়ে আগামী ৮ জুলাই অস্ট্রেলিয়ায় পৌঁছবেন মোদী। ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে তাঁর একটি কর্মসূচি রয়েছে। কর্তৃপক্ষের তরফে ওই কর্মসূচির প্রচারে ফেসবুকে যে পোস্ট করা হয়েছিল, তার নীচের কমেন্টেই হুমকি বার্তাটি আসে।

প্রতিবেদনের দাবি, আবু মুস্তাফা নামের একটি অ্যাকাউন্ট থেকে হুমকিটি দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশকে অবগত করা হয়। অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে, ওই মন্তব্যের সঙ্গে যুক্ত আইপি অ্যাড্রেস শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই সূত্র ধরেই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও পুলিশের তরফে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সফরসূচি
আগামী সোমবার ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার পর তিনি নিউজ়িল্যান্ড যাবেন। অস্ট্রেলিয়া সফরে সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

আলবানিজ় বলেছেন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে সহযোগিতা দুই দেশের জন্যই সুফল বয়ে আনছে। অস্ট্রেলিয়া-ভারত সম্পর্ক এখন আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি ভারতকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসাবেও বর্ণনা করেছেন।

ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া সূচি অনুযায়ী, সফরকালে মেলবোর্নের গভর্নর জেনারেল স্যাম মোস্টিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী। তিনি ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরামে যোগ দেবেন এবং সে দেশের প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *