‘বিশেষ কারণে’ দিল্লিতেই সীমাবদ্ধ থাকবে সফরসূচি, বিনিয়োগ সম্মেলন সময়মতো অসমেই হবে – আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসমের জন্য বড় আশার খবরটা শেষ মুহূর্তে ধাক্কা খেল। গুয়াহাটিতে আয়োজিত হওয়ার কথা ছিল ভারত-জাপান শীর্ষ সম্মেলনের। সেই সম্মেলনের পরই অসমে উন্নয়নের নতুন দিগন্ত খুলে যেত, বিনিয়োগের ঢেউ আসত। জাপানের প্রধানমন্ত্রী বিনিয়োগের সম্ভাবনা নিয়ে অসম সফরে আসবেন বলে অসম সরকার আশাবাদী ছিল। কিন্তু মঙ্গলবার সেই সফরের পুরো কর্মসূচিই বাতিল হয়ে গেল।
কেন বাতিল হলো এই হাই-প্রোফাইল সফর? মঙ্গলবার সন্ধ্যায় কেবিনেট বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা সরকারের অবস্থান স্পষ্ট করলেন।
মুখ্যমন্ত্রী জানান, “আসল ঘটনা এটাই যে গতকাল রাত প্রায় ১০.৩০টায় ভারত সরকারের বৈদেশিক সচিব বিক্রম মিশ্রী অসমের মুখ্য সচিবকে জানান, ‘বিশেষ কারণে’ এবার জাপানের প্রধানমন্ত্রী অসমে আসছেন না। তার বদলে জাপানের প্রধানমন্ত্রীর সফরসূচি নতুন দিল্লিতেই সীমাবদ্ধ থাকবে। তারা আমাদের বলেছেন, পরবর্তী পর্যায়ে জাপানের ব্যবসায়ীদের অসমে আনার জন্য আলাদা করে একটা দিন ঠিক করবেন। কিন্তু এবার জাপানের প্রধানমন্ত্রীর সফর অসমে হচ্ছে না।”
সাংবাদিকরা সফর বাতিলের কারণ জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, “কারণটা তিনি আমাদের জানাননি। তাই কারণটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। তাদের কাছে কারণ জানতে চাওয়াটা প্রোটোকলে পড়ে না। যেহেতু এখানে জাপান আর ভারত দুটো দেশের বিষয় জড়িত, তাই কারণটা আমরা নিশ্চিতভাবে জিজ্ঞেস করতে পারি না। তাই কারণগুলো আমাদের নিজেদের মধ্যেই আলোচনা করতে হবে। আজই মাত্র ঘটনাটা ঘটেছে। তাই কারণের দিকটা আমি এখনো ভালো করে দেখিনি। যখন আমি দিল্লি যাব, এস জয়শংকরের সাথে দেখা করব, তখন কারণটা মুখোমুখি জিজ্ঞেস করতে পারব। কিন্তু আজকের মুহূর্তে কথা এটাই যে ভারত সরকারের বৈদেশিক সচিব বিক্রম মিশ্রী গতকাল রাত প্রায় ১০.৩০টায় আমাদের মুখ্য সচিবকে জানিয়েছেন, অনিবার্য কারণে জাপানের প্রধানমন্ত্রীর সফর অসমে হবে না, নতুন দিল্লিতেই হবে। দ্বিতীয়ত, তারা আমাদের জানিয়েছেন বিনিয়োগকারী সম্মেলনটা ঠিক সময়ে অসমেই অনুষ্ঠিত হবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভবিষ্যতে জাপানের প্রতিনিধি আনার ব্যবস্থা করার কথা বলেছেন। গুয়াহাটিতে কাজ চলছে, সেটা চলতেই থাকবে। সরকারের টাকার অপব্যবহার না করে কাজ করে যাবে। অতিথি আসলে ব্যাপারটা আলাদা হতো।”
সংবাদ সম্মেলনে গুয়াহাটি থেকে বিদেশে বিমান চলাচল প্রসঙ্গেও কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “গুয়াহাটি থেকে ৪টা দেশে সরাসরি বিমান চলবে। এয়ার ইন্ডিয়ার বিমান ৪টা দেশে চলবে। গুয়াহাটি থেকে দুবাই আর আবু ধাবিতে বিমান চলছে। ভিয়েতনামে চালানোর কথাও আমরা ভাবছি।”
এক নজরে: প্রধানমন্ত্রীর সফর বাতিল হলেও অসম-জাপান বিনিয়োগ প্রক্রিয়া থেমে নেই। নতুন তারিখ আসবে, ব্যবসায়ী দল আসবে, সম্মেলন হবে – মুখ্যমন্ত্রীর আশ্বাস।












