,

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের মরণোত্তর পদ্মশ্রী সাংসদ পুত্রের হাতে, রাষ্ট্রপতি ভবনে আবেগে ভাসলেন পরিবার

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির একটি এবার পৌঁছল বরাকের মাটিতে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল। রাষ্ট্রপতি ভবনের মনোজ্ঞ অনুষ্ঠানে প্রয়াত নেতার হয়ে সম্মান গ্রহণ করেন তাঁর সাংসদ পুত্র কণাদ পুরকায়স্থ। পদ্মশ্রী হাতে নেওয়ার মুহূর্তটিকে তিনি জীবনের সবচেয়ে আবেগময় অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। গর্ব, কৃতজ্ঞতা আর জাতীয়…

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির একটি এবার পৌঁছল বরাকের মাটিতে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল। রাষ্ট্রপতি ভবনের মনোজ্ঞ অনুষ্ঠানে প্রয়াত নেতার হয়ে সম্মান গ্রহণ করেন তাঁর সাংসদ পুত্র কণাদ পুরকায়স্থ। পদ্মশ্রী হাতে নেওয়ার মুহূর্তটিকে তিনি জীবনের সবচেয়ে আবেগময় অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। গর্ব, কৃতজ্ঞতা আর জাতীয় স্বীকৃতির আনন্দের পাশাপাশি মন জুড়ে ছিল এক গভীর শূন্যতা। তাঁর একটাই আক্ষেপ থেকে গেল—জনমানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করা বাবা নিজের চোখে এই ঐতিহাসিক মুহূর্ত দেখে যেতে পারলেন না। দীর্ঘ রাজনৈতিক জীবনে কবীন্দ্র পুরকায়স্থ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, যে আদর্শ ও নিষ্ঠা দিয়ে কাজ করেছেন, দেশ যে তা মনে রেখেছে—এই দৃশ্য বাবার চোখে পড়লে তিনি কতটা খুশি হতেন, তা ভেবেই চোখ ভিজে আসে পুত্রের।

রাষ্ট্রপতির হাত থেকে সম্মান নেওয়ার পর সাংসদ কণাদ পুরকায়স্থ বলেন, প্রতিটি মুহূর্তে তিনি বাবার উপস্থিতি অনুভব করেছেন। মনে হয়েছে বাবার সেই বিনয়ী হাসি, স্নেহভরা কথা আর মানুষের জন্য ভাবার ধরন যেন এখনো তাঁর পাশে রয়েছে। তাঁর মতে, এই পদ্মশ্রী কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের আদর্শ, অবিচল নিষ্ঠা এবং মানুষের জন্য নিঃস্বার্থ কাজের স্বীকৃতি। ভারতের রাষ্ট্রপতি এবং নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাবার দেখানো পথেই তিনি চলতে চান। বাবার মূল্যবোধ, মানুষের প্রতি ভালোবাসা আর দেশসেবার চেতনাকে বুকে ধারণ করে বাকি জীবন মানুষের পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন। শ্রদ্ধা আর ভক্তি নিয়ে প্রয়াত পিতার স্মৃতির উদ্দেশে প্রণাম জানান তিনি। গোটা বরাক উপত্যকা আজ গর্বিত, একইসঙ্গে আবেগাপ্লুত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *