বরাককণ্ঠ প্রতিবেদন, কলকাতা: কলকাতার জ্ঞান মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হল কত্থক নৃত্যের বিশেষ আয়োজন ‘পরম্পরা’। কত্থক শিল্পী পারমিতা ভট্টাচার্যের পরিকল্পনা ও উপজ ডান্স একাডেমি এবং মার্গদর্শন আর্টসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যায় এক মঞ্চে মিলিত হন প্রখ্যাত গুরু, দক্ষ শিল্পী ও নিষ্ঠাবান শিক্ষার্থীরা। পণ্ডিত বিরজু মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর গুরু সঙ্গীতা ভট্টাচার্যের পরিচালনায় মার্গদর্শন আর্টসের শিক্ষার্থীরা গুরু বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। এরপর পারমিতা ভট্টাচার্যের নির্দেশনায় উপজ ডান্স একাডেমির শিক্ষার্থীরা কত্থকের বিভিন্ন অঙ্গ পরিবেশন করে তাদের প্রশিক্ষণ ও নিষ্ঠার পরিচয় দেয়। তিনতালের ওপর ইপ্সিতা মিশ্রের নাচ দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠান পরিকল্পক পারমিতা ভট্টাচার্য নিজে নয়মাত্রার ওপর একক পরিবেশনায় লয়জ্ঞানের দক্ষতা দেখান। গুরু মধুমিতা রায় সাড়ে দশমাত্রার ওপর একটি বিরল ও পরিশীলিত সৃজন উপস্থাপন করে উচ্ছ্বসিত প্রশংসা পান। সৌভিক চক্রবর্তী ও তাঁর পদাতিক টিমের প্রাণবন্ত ও সৃজনশীল নৃত্য-ভাবনাও প্রশংসিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি টানেন গুরু শাশ্বতী সেন। চোদ্দমাত্রার ধামার তালে তাঁর একক কত্থক পরিবেশনা মনোমুগ্ধকর হয়ে ওঠে।

সারা সন্ধ্যা জুড়ে ছিল ঐতিহ্য, শিল্পকলা ও গুরু-শিষ্য পরম্পরার আন্তরিক উদ্যাপন। তবলায় সঙ্গত করেন সুবীর ঠাকুর, পাখওয়াজে নিশান্ত সিং, সরোদে সুনন্দ মুখার্জি ও সেতারে সন্দীপ নিয়োগী। কণ্ঠ সঙ্গতে ছিলেন জয়দীপ সিন্হা। অনুষ্ঠানের শেষে সংবর্ধনা জানানো হয় গুরু শাশ্বতী সেন, গুরু অমিতা দত্ত, পণ্ডিত সমর সাহা ও গুরু মধুমিতা রায়কে। কত্থকের ধারাবাহিকতা ও শিক্ষার ঐতিহ্যকে সামনে রেখে ‘পরম্পরা’ হয়ে থাকল এক স্মরণীয় সন্ধ্যা।












