বরাককণ্ঠ প্রতিবেদন। শিলকুড়ি: আজ শিলকুড়ি চা বাগান এলাকার চলমান অস্থিরতা, বিশেষ করে বহিরাগতদের দ্বারা চা বাগানের জমি দখল ও জোরপূর্বক অবৈধ দখলদারির বিরুদ্ধে শিলকুড়িতে ইয়াসি সদস্য ও স্থানীয় যুবকদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমাখ্যা তেওয়ারি। সভায় সর্বসম্মতিক্রমে একটি শক্তিশালী ৩১ সদস্য বিশিষ্ট “শিলকুড়ি চা বাগান আদিবাসী ভূমি সুরক্ষা কমিটি” গঠন করা হয়। প্রয়োজনে শিলকুড়ি চা বাগানের চারটি ফারি বাগান থেকে আরও সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়। নবগঠিত কমিটিতে সুভাষ নুনিয়া-কে সভাপতি, প্রদীপ নুনিয়া ও অংশুমান পাঠক-কে সহ-সভাপতি, রাজেন্দ্র নুনিয়া-কে সাধারণ সম্পাদক, সঙ্কু মল্লাহ-কে সহকারী সম্পাদক, মনোজ কুমার জয়সওয়াল-কে কোষাধ্যক্ষ, মনোজ কুমার নুনিয়া-কে যুগ্ম সম্পাদক, অমৃত তান্তি-কে প্রচার সম্পাদক এবং অমৃত লাল গোয়ালা, দীপ কুমার নুনিয়া, সুনীল মহতো ও চন্দন বানিয়া-কে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও আরও ১৯ জন কার্যনির্বাহী সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইয়াসি-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়-কে কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। সভায় উপস্থিত যুবকরা একস্বরেই ঘোষণা করেন, চা বাগানের এক ইঞ্চি জমিও বহিরাগতদের দখলে যেতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে নিজেদের জমি রক্ষার শপথ গ্রহণ করেন সভায় উপস্থিত সকল যুবক ও প্রবীণ ব্যক্তি। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, খুব শীঘ্রই কাছাড় জেলার মাননীয় জেলা আয়ুক্ত এবং অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা-র কাছে “মুখ্যমন্ত্রীর নজরদারি”-র মাধ্যমে একটি শক্তিশালী নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে। পাশাপাশি চা বাগানের জমি দখল ও জোরপূর্বক অবৈধ দখলদারির বিরুদ্ধে অতি শীঘ্রই আইনের দ্বারস্থ হওয়ার বিষয়ে সভায় সর্বসম্মত মত প্রকাশ করা হয়। খুব শীঘ্রই কমিটির উদ্যোগে শিলকুড়ি চা বাগানের অধীনস্থ চারটি উপ-বাগানের শ্রমিকদের নিয়ে, পাশাপাশি অন্যান্য শুভানুধ্যায়ী ও সমর্থকদের উপস্থিতিতে একটি নাগরিক সভার আয়োজন করা হবে।












