,

বিশ্ব বিজ্ঞানী সূচকে তেজপুর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের জায়গা

বরাককণ্ঠ প্রতিবেদন:  বিজ্ঞান, চিকিৎসা ও পরিবেশ নিয়ে টানা গবেষণা আর নতুন আবিষ্কারে বিশ্বের শিক্ষা মানচিত্রে নিজের ছাপ রাখা তেজপুর বিশ্ববিদ্যালয় এবার আরও একবার গর্বের খবর দিল। প্রতি বছর বিজ্ঞানীদের গবেষণাপত্র, উদ্ধৃতি আর দীর্ঘদিনের বৈজ্ঞানিক অবদান বিচার করেই বিশ্ব বিজ্ঞানী সূচক প্রকাশ হয়। সেই মূল্যায়নের ভিত্তিতে চলতি বছরের বিশ্ব বিজ্ঞানী সূচক ২০২৫-এ বিশ্বের সেরা পাঁচ শতাংশ…

বরাককণ্ঠ প্রতিবেদন:  বিজ্ঞান, চিকিৎসা ও পরিবেশ নিয়ে টানা গবেষণা আর নতুন আবিষ্কারে বিশ্বের শিক্ষা মানচিত্রে নিজের ছাপ রাখা তেজপুর বিশ্ববিদ্যালয় এবার আরও একবার গর্বের খবর দিল। প্রতি বছর বিজ্ঞানীদের গবেষণাপত্র, উদ্ধৃতি আর দীর্ঘদিনের বৈজ্ঞানিক অবদান বিচার করেই বিশ্ব বিজ্ঞানী সূচক প্রকাশ হয়। সেই মূল্যায়নের ভিত্তিতে চলতি বছরের বিশ্ব বিজ্ঞানী সূচক ২০২৫-এ বিশ্বের সেরা পাঁচ শতাংশ বিজ্ঞানীর মধ্যে ঠাঁই পেলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের তিন জ্যেষ্ঠ শিক্ষক। তারা হলেন অধ্যাপক উৎপল বরা, অধ্যাপক পংকজ ভরালী ও অধ্যাপক বিপুল চন্দ্র শর্মা। বিশ্ববিদ্যালয় সূত্র জানাচ্ছে, গবেষণার মান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং বৈজ্ঞানিক জগতে উল্লেখযোগ্য অবদানের জন্যই এই স্বীকৃতি পেয়েছেন তারা। আন্তর্জাতিক মানের গবেষণা চালানোর ক্ষেত্রে রসায়ন বিজ্ঞান বিভাগের ধারাবাহিক সাফল্যই এই সম্মানের আসল কারণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথায়, এই অর্জন শুধু তিন অধ্যাপকের একার নয়। এটি গোটা তেজপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিকাঠামো, পড়াশোনার পরিবেশ আর জ্ঞানচর্চার মানের স্বীকৃতি। এমন সাফল্য ছাত্রছাত্রীদের গবেষণার কাজে এগিয়ে আসতে নতুন করে অনুপ্রেরণা জোগাবে। উত্তর-পূর্ব ভারতের অন্যতম বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তেজপুর বিশ্ববিদ্যালয় বরাবরই গবেষণা ভিত্তিক পড়াশোনায় জোর দেয়। বিজ্ঞান থেকে শুরু করে কারিগরি বিদ্যা, নানা শাখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশে-বিদেশে পরিচিতি পেয়েছেন। এবার বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় তিন অধ্যাপকের নাম ওঠায় সেই পরিচিতি আরও মজবুত হলো। শিক্ষাজগতের মানুষদের মতে, বিদেশের মাটিতে এমন স্বীকৃতি শুধু গবেষকদের সম্মান বাড়ায় না। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানকেও বিশ্বের দরবারে তুলে ধরে। তাই তেজপুর বিশ্ববিদ্যালয়ের এই অর্জন অসম সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার জন্য বড় গর্বের মুহূর্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *