বাসমতী-ডাল থেকে রেডি-টু-ইট, ইউরোপের ঘরে ঘরে জায়গা করে নিচ্ছে ভারতীয় পণ্য; ভারতীয় সংস্থাগুলির ব্যবসা সম্প্রসারণ
বিশেষপ্রতিবেদন।১৭ জুন: ফ্রান্স ও গোটা ইউরোপ জুড়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে ভারতীয় রন্ধনশৈলী। আর এর হাত ধরে ভারতীয় ব্যবসা ও খাদ্য রপ্তানিকারকদের সামনে তৈরি হচ্ছে নতুন সুযোগ। বাসমতী চাল, ডাল থেকে শুরু করে রেডি-টু-ইট মিল ও মশলার মিশ্রণ – ভারতীয় পণ্য এখন ঢুকছে ইউরোপের আরও বেশি ঘরে।
ভারতীয় খাদ্য সংস্থাগুলি ইউরোপে তাদের উপস্থিতি বাড়াচ্ছে, কারণ খাঁটি ভারতীয় স্বাদের চাহিদা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্যারিসে অঞ্জু এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট অঞ্জিলা মালহোত্রা মনজে জানিয়েছেন, ভারতীয় খাদ্যপণ্যের বাজার প্রতি বছর ৫ থেকে ৭ শতাংশ হারে বাড়ছে। তিনি বলেন, শুরুতে চাহিদা আসত মূলত ভারতীয় প্রবাসীদের কাছ থেকে। কিন্তু এখন ফরাসি ও অন্যান্য ইউরোপীয় ভোক্তারাও ভারতীয় স্বাদ, নিরামিষ খাবার ও আয়ুর্বেদিক খাদ্যাভ্যাস নিয়ে আগ্রহ দেখাচ্ছেন।
ইউরোপের স্বাদে মানিয়ে নিচ্ছে ভারতীয় ব্র্যান্ড
অঞ্জু এন্টারপ্রাইজের তথ্য অনুযায়ী, বাসমতী চাল ও ডালের চাহিদা এখনও তুঙ্গে। পাশাপাশি মশলার মিশ্রণ ও রেডি-টু-ইট পণ্যগুলিকে স্থানীয় স্বাদের সঙ্গে মানিয়ে তৈরি করা হচ্ছে। ফিউশন রান্নায় ভারতীয় মশলার ব্যবহার বাড়ায় ভারতীয় ব্র্যান্ডগুলি সহজেই ইউরোপের নতুন ভোক্তাদের কাছে পৌঁছতে পারছে।
সাংস্কৃতিক-অর্থনৈতিক যোগ বাড়ছে
ভারতীয় খাবারের জনপ্রিয়তা বৃদ্ধি শুধু ব্যবসা নয়, ভারত ও ইউরোপের সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগসূত্রকেও মজবুত করছে। রপ্তানি বাড়ার পাশাপাশি ইউরোপের বাজারে ‘মেক ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের পরিচিতিও বাড়ছে।
বিশ্লেষকদের মতে, নিরামিষ ও স্বাস্থ্যকর খাবারের চাহিদা বাড়ায় ভারতীয় খাবারের এই বাড়বাড়ন্ত আগামী দিনেও অব্যাহত থাকবে।












