বরাকের দুই মুখ: কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল
নিজস্ব প্রতিবেদন। গুয়াহাটি : দীর্ঘ জল্পনার অবসান। অসমের মন্ত্রীসভা এবার পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা নতুন মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করেছেন। আগামী শুক্রবার ৫ জুন দুপুর ১২টা ৪৫ মিনিটে গুয়াহাটির খানাপাড়ার জ্যোতি-বিষ্ণু কলা মন্দিরে বসবে শপথের আসর।

১২ জন বিধায়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। তাঁরা হলেন,অশ্বিনী রায় সরকার, অশোক সিঙ্ঘল, বিমল বরা, বিশ্বজিৎ দাইমারি, জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষ্ণেন্দু পাল, নিলিমা দেবী, পীযুষ হাজারিকা, রণোজ পেগু ও সুশান্ত বরগোঁহাই। অভিজ্ঞ, নতুন ও বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার প্রতিনিধিত্ব সব দিক সামলে তালিকা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বর্তমানে মুখ্যমন্ত্রী সহ চারজন মন্ত্রী নিয়ে চলছে সরকার। গত মাসে শপথ নেওয়া রামেশ্বর তেলি, অতুল বরা, চরণ বড়ো ও অজন্তা নেওগের কাঁধেই ছিল রাজ্যের দায়িত্ব। রামেশ্বর তেলি দেখছেন রূপান্তর ও উন্নয়ন, অতুল বরা সামলাচ্ছেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, চরণ বড়োর হাতে পরিবহন এবং অজন্তা নেওগের দায়িত্বে নারী ও শিশু কল্যাণ।
শুক্রবার ১২ জন নতুন মুখ যুক্ত হলে মন্ত্রীসভা আরও শক্তিশালী হবে। কে কোন দপ্তর পাচ্ছেন তা শপথের পরই স্পষ্ট হবে। জ্যোতি-বিষ্ণু কলা মন্দিরে সেদিন জমায়েত হবে নেতা-মন্ত্রী, জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের। নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে প্রশাসন আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছে।
নতুন মন্ত্রীদের হাত ধরে অসমের উন্নয়ন আরও গতি পাবে এমনটাই আশা রাজ্যবাসীর।












