,

শিলচরে কংগ্রেসের পর্যালোচনা সভায় ধুন্ধুমার, মারপিটের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলা কংগ্রেসের পর্যালোচনা সভা ঘিরে মঙ্গলবার শিলচরে ধুন্ধুমার কাণ্ড। দলের তিন পর্যবেক্ষকের সামনেই মারপিটে জড়াল কংগ্রেসের দুই পক্ষ। ঘটনায় মাইনরিটি বিভাগের কাছাড় জেলা চেয়ারম্যান আনসার হোসেন বরলস্করের উপর হামলার অভিযোগ উঠেছে। রাতেই ১২ জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন তিনি। মঙ্গলবার সকাল ১১টা থেকে কাছাড়ের সাত বিধানসভার পর্যালোচনা বৈঠক শুরু…

বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলা কংগ্রেসের পর্যালোচনা সভা ঘিরে মঙ্গলবার শিলচরে ধুন্ধুমার কাণ্ড। দলের তিন পর্যবেক্ষকের সামনেই মারপিটে জড়াল কংগ্রেসের দুই পক্ষ। ঘটনায় মাইনরিটি বিভাগের কাছাড় জেলা চেয়ারম্যান আনসার হোসেন বরলস্করের উপর হামলার অভিযোগ উঠেছে। রাতেই ১২ জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন তিনি।

মঙ্গলবার সকাল ১১টা থেকে কাছাড়ের সাত বিধানসভার পর্যালোচনা বৈঠক শুরু হয়। দলীয় নেতাকর্মীদের বক্তব্য নথিভুক্ত করছিলেন তিন পর্যবেক্ষক — বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, প্রাক্তন বিধায়ক স্বপন কর ও প্রদেশ কংগ্রেস নেতা প্রাঞ্জল ঘাটোয়ার। লক্ষ্মীপুর ও ধলাই বিধানসভার বৈঠক নির্বিঘ্নে মিটলেও বিপত্তি বাধে সোনাই বিধানসভার পালা আসতেই।

বৈঠকে সংখ্যালঘু বিভাগের নেতা আনসার হোসেনকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন সোনাইর একাংশ কংগ্রেস কর্মী। অভিযোগ, বিধানসভা ভোটে দলীয় প্রার্থী আমিনুল হক লস্করের বিরোধিতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী এজিপি প্রার্থীর হয়ে প্রকাশ্যে কাজ করেছিলেন আনসার। এই অভিযোগ তুলে হল্লা-চিৎকার শুরু করেন তাঁরা। এর মধ্যেই কয়েকজন আনসারের উপর হামলা চালান বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ আনসারকে একটি কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন কয়েকজন কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটোয়ার। পরে আসেন আমিনুর রশিদ চৌধুরীও। অন্যদিকে সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর উত্তেজিত কর্মীদের বুঝিয়ে শ্যামাচরণ হলে নিয়ে যান।

উত্তেজনার পারদ কিছুটা নামলে সোনাই বিধানসভার পর্যালোচনা বৈঠক হয়। তবে ঝুঁকি নিতে চাননি সচেতন কর্মীরা। পুলিশের সাহায্য চেয়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আনসারকে কংগ্রেস কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। কার্যালয় ছাড়ার সময় আনসার তাঁর ঘনিষ্ঠদের নিয়ে দলীয় প্রতিপক্ষকে চড়া সুরে আক্রমণ করেন বলেও অভিযোগ।

ঘটনার রাতেই ১২ জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন আনসার হোসেন বরলস্কর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *