বরাককণ্ঠ প্রতিবেদন: ১২ জুলাই সায়ন্তনের জন্মদিন উপলক্ষে থাউজেন্ড সায়ন্তন দিনটিকে স্বাস্থ্য সচেতনতার দিন হিসেবে পালন করল। ইটখোলা অ্যাথলেটিক ক্লাব এবং শিলচর টাটা ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় ইটখোলা অ্যাথলেটিক ক্লাব ঘরে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আলোচনা সভার। থাউজেন্ড সায়ন্তনের মতে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি খুব প্রয়োজন দক্ষ নার্স, দক্ষ টেকনিশিয়ান এবং সঠিক ল্যাব রিপোর্ট। এর জন্য প্রয়োজন নার্স, টেকনিশিয়ান এবং চিকিৎসা পরিষেবায় জড়িত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত ও ধারাবাহিক ট্রেনিং কর্মশালা। তাই সায়ন্তনের জন্মদিনে শিলচরের স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক-প্রতিনিধি, কর্মশালায় উপস্থিত বিশিষ্ট চিকিৎসক এবং শিলচরের কতিপয় বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন থাউজেন্ড সায়ন্তন দল। স্বাস্থ্য শিবির তথা আলোচনা সভায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার সাচুই রংমাই, পেডিয়াট্রিক সার্জন ডক্টর সৌরদীপ দে, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অপরাজিতা চক্রবর্তী, ক্যান্সার হাসপাতাল থেকে ডক্টর মনোজিত বণিক। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রুদ্র গুপ্ত, ডক্টর রণবীর পাল, অভ্রজিত চক্রবর্তী, বিবেক পোদ্দার, রূপক চক্রবর্তী, সৌভিক মজুমদার, শ্রীকান্ত ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন নেফ্র বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ সিনহা এবং শিলচর টাটা ক্যান্সার হাসপাতালের অভিজ্ঞ টিম। এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন দীপন দেওয়ানজি, পুলক দেব প্রমুখ। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। জন্মদিনের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলতে বিভিন্ন এনজিও থেকেও উপস্থিত ছিলেন। সায়ন্তনের জন্মদিনে থাউজেন্ড সায়ন্তন এর দাবি শিলচর মেডিকেলে কার্ডিয়াক বাইপাস সার্জারি সুবিধা তৈরি করা তথা শিলচর মেডিকেলে ডি.এম ও এম.সি.এইচ কোর্স শুরু করা, শিলচর মেডিকেলে ইমারজেন্সি মেডিসিন কোর্স চালু করা এবং শিলচর তথা বরাকের সব সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং ডায়াগনস্টিক সেন্টারের কাছে অনুরোধ তারা যেন কর্মরত নার্স, টেকনিশিয়ান এবং স্বাস্থ্য পরিসেবার সাথে জড়িত সকল কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ধারাবাহিক এবং নিয়মিত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচি নেন। শিলচর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার বাবুল বেজবরুয়া তাঁর অডিও বার্তায় থাউজেন্ড সায়ন্তনকে আগামী চলার ক্ষেত্রে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তাটি আলোচনা সভার শুরুতে উপস্থিত সবার সামনে তুলে ধরেন সায়ন্তনরা। আলোচনা সভায় উপস্থিত কেউ কেউ বলেছেন শিলচর থেকে ধারাবাহিক হেলথ ম্যাগাজিন বা হেলথ বুলেটিন বেরোলে অনেকে জানতে পারবেন শিলচরে ঠিক কি ধরনের জটিল রোগের সফল চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে এবং কোন কোন বিভাগের সুপার স্পেশালিস্ট ডাক্তাররা শিলচরে কাজ করছেন ইত্যাদি, এতে করে অনেকের হয়তো শিলচরের বাইরে যেতে হবে না। সায়ন্তনের বন্ধুরা রাত্রিতে সায়ন্তনের বাড়িতে যান এবং সায়ন্তনের জন্মদিনের কেক কাটেন।












