এলিভেটেড করিডর, মেডিক্যাল কলেজ রোড ও মধুরাঘাট সেতুর কাজ পর্যালোচনা, জমিসহ প্রশাসনিক জট দ্রুত মেটানোর নির্দেশ
জনসংযোগ। শিলচর : শিলচরের যানজট কমানো এবং শহর ও শহরতলির যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে গুরুত্বপূর্ণ তিনটি সড়ক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। সোমবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে রাংগিরখাড়ি থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত প্রস্তাবিত শিলচর এলিভেটেড করিডর, বিরবল বাজার থেকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংযোগকারী সড়ক এবং মালুগ্রাম-দুধপাতিল সংযোগকারী মধুরাঘাট (গান্ধীঘাট) সেতুর অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।
বৈঠকে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক ডা. রাজদীপ রায়, উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা আইএএস, কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, আইপিএস, শিলচর পুরনিগমের আয়ুক্ত অঙ্কুর দাস, আইএএস-সহ এন. এইচ. আই. ডি সি. এল,লোকনির্মান সড়ক বিভাগ, রাজস্ব এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
তিনটি প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিরবল বাজার-মেডিক্যাল কলেজ সড়কের ক্ষেত্রে জমি অধিগ্রহণ-সংক্রান্ত বকেয়া বিষয়গুলি দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেন মন্ত্রী। বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে যাতে প্রকল্পের কাজে অযথা বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক করেন তিনি।
বৈঠক শেষে কৌশিক রায় বলেন, জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়নের পথে থাকা সমস্যাগুলি চিহ্নিত করতেই এই বৈঠক। NHIDCL, পূর্ত ও রাজস্ব দফতরের সঙ্গে আলোচনা করে প্রকল্পগুলির দ্রুত ও নির্বিঘ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, মন্ত্রীর সোমবারের পর্যালোচনা বৈঠকের পর মঙ্গলবার প্রকল্পগুলির তৃনমুল পর্যায়ের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যৌথ পরিদর্শন করা হয়। মধুরাঘাট সেতু ও সংলগ্ন অ্যাপ্রোচ রোড পরিদর্শনে নেতৃত্ব দেন ধলাইয়ের সম জেলা আয়ুক্ত রক্তিম বরুয়া,এসিএস, APDCL ও PHED-এর প্রতিনিধিরাও ছিলেন। সেতুর ভিত্তিপ্রস্তর-সংক্রান্ত কাজ শুরুর আগে সাইটের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়।
অন্যদিকে, শিলচর মেডিক্যাল কলেজ সংযোগকারী সড়ক পরিদর্শনে লক্ষীপুরের সম জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, এসিএস এর নেতৃত্বে APDCL, PHED, AMRUT ও PBGL-এর প্রতিনিধিরা অংশ নেন। প্রস্তাবিত ড্রেনের আউটলেট, সাইটের প্রস্তুতি এবং চার-লেনের সড়ক নির্মাণকাজ শুরুর জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সরেজমিনে পরীক্ষা করা হয়।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এই তৃনমুল পর্যায়ের পরিদর্শনের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট বিভাগগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং প্রকল্প বাস্তবায়নের পথে থাকা স্থানীয় সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধান করা। মন্ত্রীর পর্যালোচনা বৈঠকের পরই মাঠপর্যায়ে এই তৎপরতা শুরু হওয়ায় শিলচরের গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্পগুলিতে নতুন গতি আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।












