,

শিলঙে নেতাজী-বিবেকানন্দের মূর্তি ভাঙচুরে নিন্দা সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের

দোষীদের গ্রেপ্তারের দাবি, কবি অন্নদাশঙ্করের কবিতায় প্রতিবাদ বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: শিলঙে খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর মিছিল চলাকালীন আর.আর. কলোনিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর, পা দিয়ে মাড়ানো এবং একই কলোনিতে স্বামী বিবেকানন্দের মূর্তির ভাঙচুর ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক নীতীশ বিশ্বাস (কলকাতা) ও সভাপতি ডা. দিলীপ…

দোষীদের গ্রেপ্তারের দাবি, কবি অন্নদাশঙ্করের কবিতায় প্রতিবাদ

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: শিলঙে খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর মিছিল চলাকালীন আর.আর. কলোনিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর, পা দিয়ে মাড়ানো এবং একই কলোনিতে স্বামী বিবেকানন্দের মূর্তির ভাঙচুর ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ।

সংগঠনের সাধারণ সম্পাদক নীতীশ বিশ্বাস (কলকাতা) ও সভাপতি ডা. দিলীপ সিনহা (পাটনা) এক যৌথ প্রেস বিবৃতিতে বলেন, এই ঘটনা ভারতের স্বাধীনতা সংগ্রামেরই অবমাননা। নেতাজী ও বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতির মহান মনীষী। আজ পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্যে এইসব মনীষীদের অবমাননা আসলে ‘যত মত তত পথ’-এর ভারতীয় সহিষ্ণুতার মহান সংস্কৃতির পক্ষে লজ্জার।

প্রতিবাদে অন্নদাশঙ্করের কবিতা
বিবৃতিতে কবি-মনীষী অন্নদাশঙ্কর রায়ের ১৯৯০ সালে লেখা ‘লেনিন মূর্তি’ কবিতার অংশ উদ্ধৃত করা হয়।

> লেনিন মূর্তি না বাঁচে তো
> গান্ধীও কি বাঁচবে?
> গান্ধী মূর্তি ধ্বংস করে নাচবে ওরা নাচবে
> গান্ধী মূর্তি না বাঁচে তো, সুভাষও কি বাঁচবে?
> সুভাষ মূর্তি চূর্ণ করে নাচবে ওরা নাচবে
> ওদের নাচন ওদের মাতন ওইখানে কি থামবে?
> রাজনীতির রণাঙ্গনে নামবে ওরা নামবে…

নেতৃবৃন্দ বলেন, এই শাশ্বত শব্দাবলীই হোক আমাদের প্রতিবাদের কণ্ঠ।

৪ দফা দাবি
বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়েছে:

১. মেঘালয় সরকারকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. কেন্দ্রীয় সরকারকে সারা দেশে মনীষীদের সম্মান রক্ষার পদক্ষেপ নিতে হবে।
৩. বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মহান বীর ও মনীষীদের সম্মান রক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদক্ষেপের দাবি জানাতে হবে এবং রাজ্য সরকারকেও পদক্ষেপ নিতে হবে।
৪. চূর্ণ হওয়া নেতাজীর মূর্তি অবিলম্বে পুনঃস্থাপন ও যথাযথ মর্যাদায় সংরক্ষণ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *