বন্যা কবলিতদের প্রতিটি প্রয়োজন অগ্রাধিকারের ভিত্তিতে পূরণের নির্দেশ প্রশাসনকে
শিবিরে ১৮২ জন আশ্রয় নিয়েছেন, জরুরি সাহায্যের জন্য হেল্পলাইন ৯১০১৪৫৮৬৭১
বরাককণ্ঠ প্রতিবেদন। বোকাখাট : সাম্প্রতিক বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এবং বন্যা কবলিত মানুষের কাছে তাৎক্ষণিক সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ বোকাখাটের নুমলীগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত বন্যা ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা।
পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা, খাদ্য, বিশুদ্ধ খাবার জল, চিকিৎসা পরিষেবা, স্যানিটেশন ও জরুরি পরিষেবা সংক্রান্ত দৈনন্দিন অসুবিধাগুলির বিষয়ে খোঁজ নেন। তিনি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বন্যা কবলিতদের প্রতিটি প্রয়োজন অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করার নির্দেশ দেন। এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অজন্তা নেওগ এবং অতুল বরা।
বর্তমানে এই শিবিরে মোট ১৮২ জন আশ্রয় নিয়েছেন। এঁদের মধ্যে ৭৫ জন পুরুষ, ১০৭ জন মহিলা এবং ২২ জন কিশোর-কিশোরী রয়েছেন। এছাড়াও বিশেষ যত্ন প্রয়োজন এমনদের মধ্যে ৪টি দুগ্ধপোষ্য শিশু, ৪ জন স্তন্যদায়ী মা, ৩ জন গর্ভবতী মহিলা এবং ১ জন দিব্যাঙ্গ ব্যক্তি রয়েছেন। জরুরি সাহায্যের জন্য শিবিরের হেল্পলাইন নম্বর ৯১০১৪৫৮৬৭১।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বোকাখাট বিধানসভা এলাকা এবং আশপাশের অঞ্চলে বন্যার কারণে হওয়া ক্ষয়ক্ষতিরও বিস্তারিত খোঁজ নেন। বন্যা কবলিত মানুষকে দ্রুত ত্রাণ দেওয়া এবং পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করতে তিনি জেলার পুলিশ সুপার, জেলা আয়ুক্ত, রাজস্ব সার্কেল আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।












