বাঁধের ক্ষয়ক্ষতি রোধ, বন্যার ঝুঁকি হ্রাস এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে নির্দেশ জারি
জনসংযোগ। শিলচর : চলমান বর্ষা মৌসুমে বাঁধের আরও ক্ষয়ক্ষতি প্রতিরোধ এবং সম্ভাব্য বন্যার ঝুঁকি কমানোর লক্ষ্যে কাছাড় জলসম্পদ বিভাগের অধীন চিহ্নিত ঝুঁকিপূর্ণ বাঁধসমূহের উপর দিয়ে ভারী বাণিজ্যিক যানবাহনের চলাচলের উপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন।
কাছাড় জলসম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের দাখিল করা এক প্রতিবেদনের ভিত্তিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) এই নির্দেশ জারি করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, একাধিক ঝুঁকিপূর্ণ বাঁধের উপর দিয়ে বাণিজ্যিক ও ব্যক্তিগত ভারী যানবাহনের অব্যাহত চলাচলের ফলে বাঁধগুলির কাঠামোগত স্থিতিশীলতার উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়েছে যে, এভাবে চলতে থাকলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে, যার ফলে বন্যা, জরুরি পরিষেবার ব্যাঘাত, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং জননিরাপত্তার উপর গুরুতর হুমকি সৃষ্টি হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ধারা ৩৪(খ)-এর অধীনে প্রদত্ত ক্ষমতা বলে জেলা প্রশাসন সরকারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঝুঁকিপূর্ণ বাঁধগুলির উপর দিয়ে সকল ভারী বাণিজ্যিক যানবাহন, অতিরিক্ত বোঝাই যানবাহন, বালুবাহী ট্রাক, মাটিভর্তি ডাম্পারসহ অন্যান্য ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
প্রশাসনের আধিকারিকগন জানান, টানা বৃষ্টিপাত এবং বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধির কারণে বাঁধগুলির উপর অতিরিক্ত চাপ কমানোর উদ্দেশ্যেই এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা ও দুর্যোগ প্রতিরোধের স্বার্থে পরিবহণ সংস্থা এবং যানবাহনের মালিকদের পূর্ণ সহযোগিতা করার জন্য প্রশাসন আবেদন জানিয়েছে।
প্রশাসন সতর্ক করে জানিয়েছে যে, এই নির্দেশ অমান্য করলে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ এবং অন্যান্য প্রযোজ্য আইনের সংশ্লিষ্ট ধারায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন সাধারণ মানুষ এবং পরিবহণ সংস্থাগুলির কাছে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছে যে, ঝুঁকিপূর্ণ বাঁধগুলির উপর দিয়ে ভারী যানবাহনের চলাচল সীমিত করা বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো সুরক্ষা এবং বর্ষাকালে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা।












