,

বরাক উপত্যকায় শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ

অসম সরকারের আয়ুক্ত ও সচিব ডাঃ পি. অশোক বাবু এবং এনএইচএম মিশন ডিরেক্টর ডাঃ লক্ষ্মণন এস.-এর নেতৃত্বে তিন জেলায় বিস্তৃত পর্যালোচনা ও ক্ষেত্রসমীক্ষা বরাককণ্ঠ প্রতিবেদন: শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বরাক উপত্যকায় ব্যাপক পর্যালোচনা ও ক্ষেত্রসমীক্ষা চালাল অসম সরকারের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। অসম সরকারের স্বাস্থ্য ও…

অসম সরকারের আয়ুক্ত ও সচিব ডাঃ পি. অশোক বাবু এবং এনএইচএম মিশন ডিরেক্টর ডাঃ লক্ষ্মণন এস.-এর নেতৃত্বে তিন জেলায় বিস্তৃত পর্যালোচনা ও ক্ষেত্রসমীক্ষা

বরাককণ্ঠ প্রতিবেদন: শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বরাক উপত্যকায় ব্যাপক পর্যালোচনা ও ক্ষেত্রসমীক্ষা চালাল অসম সরকারের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। অসম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়ুক্ত ও সচিব ডাঃ পি. অশোক বাবু, আইএএস এবং জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম), অসম-এর মিশন ডিরেক্টর ডাঃ লক্ষ্মণন এস., আইএএস-এর নেতৃত্বে পরিচালিত এই সফরে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার শিশু স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা নিবিড়ভাবে মূল্যায়ন করা হয়।

অসম সরকার শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় এই পর্যালোচনা সফরের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য পরিষেবার কার্যকারিতা খতিয়ে দেখা, ক্ষেত্রস্তরের বাস্তব চিত্র অনুধাবন করা এবং ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা। তিন জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে প্রতিনিধি দল শিশু স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরিকাঠামো, মানবসম্পদ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

সফরকালে প্রতিনিধি দল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ তিন জেলার জেলা হাসপাতালগুলি পরিদর্শন করে। সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। শিশুদের চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাঠপর্যায়ে যে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তারও প্রশংসা করেন ঊর্ধ্বতন আধিকারিকরা।

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় পরিচালিত শিশু স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় রেফারেল ব্যবস্থা আরও সুদৃঢ় করা, মানসম্পন্ন স্বাস্থ্যসেবার নাগাল বাড়ানো, শিশু মৃত্যুহার কমানো এবং স্বাস্থ্যব্যবস্থার প্রতিটি স্তরে অত্যাবশ্যক স্বাস্থ্য পরিষেবা কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পর্যালোচনায় তিন জেলার জেলা আয়ুক্তগন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কাছাড়ের জেলা আয়ুক্ত, আয়ুষ গর্গ, আইএএস, শ্রীভূমির জেলা আয়ুক্ত  প্রদীপ কুমার দ্বিবেদী, আইএএস এবং হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন, আইএএস নিজ নিজ জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার অগ্রগতি, সাফল্য এবং চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ এবং সাফল্যের অভিজ্ঞতাও তুলে ধরা হয়।

কেবল বৈঠক ও পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই সফর। প্রতিনিধি দল বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে শিশু স্বাস্থ্যসেবার প্রকৃত চিত্র জানার চেষ্টা করে। অভিভাবক, উপভোক্তা, আশাকর্মী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি, পুষ্টি সহায়তা এবং স্বাস্থ্যসেবার প্রাপ্যতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করা হয়। এই সরাসরি প্রতিক্রিয়া ভবিষ্যতে আরও কার্যকর নীতি নির্ধারণ এবং শিশুস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। পর্যালোচনা বৈঠকগুলিতে তিন জেলার জ্যেষ্ঠ চিকিৎসা আধিকারিক, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবা কর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরা চলমান কর্মসূচি, অর্জিত সাফল্য এবং ভবিষ্যতে অধিকতর ফলপ্রসূ পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও সম্পদের বিষয়গুলি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন। অসম সরকারের শিশুস্বাস্থ্য উন্নয়ন কর্মসূচিকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করে তুলতে এই উচ্চপর্যায়ের পর্যালোচনা সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের লক্ষ্য, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি শিশুর কাছে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে একটি সুস্থ, সবল ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।

অসমের শিলচরে অবস্থিত তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়, বরাক ভ্যালি জোন থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *