বরাককণ্ঠ প্রতিবেদন। বর্ধমান: রাজ্যে বিজেপির সরকার গঠনের পর প্রথমবার বাংলায় এসে সংগঠন বিস্তারে জোর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর স্পষ্ট বার্তা, আরএসএস-কে সর্বস্পর্শী হতে হবে, সকলের কাছে পৌঁছতে হবে এবং যত বেশি সম্ভব মানুষের মন ছুঁতে হবে।
তিনদিনের সফর ও দফায় দফায় বৈঠক
বৃহস্পতিবার তিনদিনের সফরে রাজ্যে আসেন ভাগবত। কলকাতা হয়ে সোজা চলে যান বর্ধমানের উল্লাস উপনগরীতে অবস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্য প্রান্ত কার্যালয়ে।
ওইদিন বিকেলেই একটি বেসরকারি স্কুলের সভাকক্ষে স্বয়ংসেবকদের একত্রীকরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার ছিল সফরের মূল বৈঠক। সকালে প্রতিনিধিদের নিয়ে শরীরচর্চা করেন সংঘ প্রধান। এরপর দিনভর মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ – তিন প্রান্তের সংগঠকদের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন।
কি নিয়ে আলোচনা?
আরএসএস সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে – সাংগঠনিক রদবদল এবং শাখা বিস্তার। বদলের বাংলায় সংঘের শাখা কতদূর পৌঁছেছে, তার খুঁটিনাটি খোঁজখবর নেন ভাগবত। সংঘের কাজকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ প্রসঙ্গে আরএসএসের ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু বলেন, “এটা সংঘ পরিবারের অভ্যন্তরীণ বৈঠক। সংগঠন বিস্তারের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। উনি পরিবারের প্রধান, তিনটি প্রান্তের স্বয়ংসেবকরাই তাঁর বার্তা শুনেছেন।”
ডিসেম্বরেও আসছেন ভাগবত
সূত্রের খবর, এই সফরই শেষ নয়। আগামী ডিসেম্বর মাসেও ফের রাজ্যে আসতে পারেন মোহন ভাগবত। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। সেই সময় তিনি রাজ্যের বেশ কয়েকজন প্রবুদ্ধ নাগরিকের সঙ্গেও মিলিত হতে পারেন বলে জানা গিয়েছে।













