,

দুই মাসের মধ্যে শিলচর পুরভোট, অতিরিক্ত কর মামলার রায় ২৮ মে: হাইকোর্টের নির্দেশে পথ প্রশস্ত

বরাককণ্ঠপ্রতিবেদন: দীর্ঘ আইনি লড়াইয়ের পর শিলচর পুরনিগম নির্বাচন নিয়ে কড়া নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট এবং ২ জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য আসাম সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে স্পষ্ট সময় বেঁধে দিয়েছে। শনিবার ট্রাঙ্ক রোডের সিটিভিওএ কার্যালয়ে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের সাংবাদিক সম্মেলনে কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা জানান, ২৯ এপ্রিল আদালত রায় দিয়ে জানিয়েছে…

বরাককণ্ঠপ্রতিবেদন: দীর্ঘ আইনি লড়াইয়ের পর শিলচর পুরনিগম নির্বাচন নিয়ে কড়া নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট এবং ২ জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য আসাম সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে স্পষ্ট সময় বেঁধে দিয়েছে। শনিবার ট্রাঙ্ক রোডের সিটিভিওএ কার্যালয়ে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের সাংবাদিক সম্মেলনে কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা জানান, ২৯ এপ্রিল আদালত রায় দিয়ে জানিয়েছে যে বিধানসভা ভোটের পরে সময় চাওয়ার সরকার ও কমিশনের আর্জি গ্রহণযোগ্য নয় এবং দুই মাসের মধ্যেই পুরভোট করাতে হবে। একইসঙ্গে পুরনিগমের আওতায় অতিরিক্ত কর আরোপ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় আগামী ২৮ মে ঘোষণা হবে বলে জানানো হয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক বাসুদেব অভিযোগ করেন, নির্বাচিত বোর্ড ছাড়াই পুরনিগম বেআইনিভাবে প্রায় ২০০ শতাংশ পর্যন্ত কর বাড়িয়েছে এবং এ বিষয়ে সরকারের এফিডেভিট জমা পড়েছে। সাংবাদিক সম্মেলনে শহরের জলনিকাশি ব্যবস্থার বেহাল অবস্থাও তুলে ধরা হয়। আশু রায় অভিযোগ করেন, রাঙ্গির খালের কাজ এতটাই ধীর যে বর্তমান গতিতে প্রকল্প শেষ হতে ১২৩ বছর লাগতে পারে এবং লংগাই খালের ওপর বিশাল ফ্ল্যাট নির্মাণ হলেও উচ্ছেদ নিয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। সিঙ্গিরখাল, বাচাই খাল, টাইন খাল ও রংপুরের খালগুলির অবস্থাও শোচনীয় বলে দাবি করেন তিনি এবং বাচাই খালকে এক ব্যক্তি নিজের পাট্টা জমি বললেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। কিশোর ভট্টাচার্য বলেন, এক্সিকিউটিভ অফিসারের ইচ্ছেমতো কর বৃদ্ধি অগণতান্ত্রিক এবং রাঙ্গির খালে গার্ডওয়ালের ফলে খালের পরিসর সংকুচিত হয়েছে। অতনু ভট্টাচার্য অভিযোগ তোলেন, হাসপাতাল রোড, পাবলিক স্কুল রোড ও রাঙ্গির খাড়ি এলাকায় নোংরা জল সরবরাহ হচ্ছে এবং বারবার আবেদন সত্ত্বেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। মঞ্চের নেতারা জানান, আদালতের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতে কোনও অজুহাতে নির্বাচন পিছিয়ে না যায় সেদিকে তাঁরা কড়া নজর রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *