বাজেটে আলাদা বরাদ্দ না থাকলেও সাংবাদিক কল্যাণের জন্য প্রকল্প রূপায়ণের আহ্বান সরকারকে
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্য বাজেটে আলাদাভাবে অর্থ বরাদ্দ না করলেও সাংবাদিকদের কল্যাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প রূপায়ণ করতে রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত বার্তাজীবী সংঘের রাজ্যিক কার্যনির্বাহক সমিতির সভা থেকে সরকারের কাছে এই আহ্বান জানানো হয়।
সংঘের সভাপতি মধুসূদন মেধির সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা। সভায় উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা মুকুট রাজ শর্মা, জগদীশ চন্দ্র পাটগিরি, সহ-সভাপতি ভাস্কর শর্মা, যতীন ভাগবতী, সহকারী সাধারণ সম্পাদক অখিল কলিতা, সোনাধর ডেকা, কার্যালয় সম্পাদক আদিত্য চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ নবনীতা কলিতা, সাংগঠনিক সম্পাদক অশ্বিনী কুমার দুয়ারা, প্রশান্ত কুমার মোদক, কিশোর জ্যোতি শর্মা এবং রাজ্যিক কার্যনির্বাহক সদস্য কমল তালুকদার, মনোজ কুমার গগৈ, তরণী চরণ কলিতা, শাহেদ আলী আহমেদ প্রমুখ।
সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা সভায় বার্তাজীবী সংঘের সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি রাজ্যের কর্মরত সাংবাদিকদের সমস্যা সমাধানে সংঘের কাজের খতিয়ান তুলে ধরেন।
সাংবাদিকদের সমস্যার কথা তুলে ধরলেন নেতারা
এক বিবৃতিতে সংঘের সভাপতি মধুসূদন মেধি ও সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা বলেন, প্রশাসনকে মানুষের আরও কাছে নিয়ে আসতে, সরকারি প্রকল্প সম্পর্কে মানুষকে অবগত করতে এবং মানুষের সমস্যাগুলো সরকারের দৃষ্টিগোচর করাতে সাংবাদিক ও সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অসমের সাংবাদিকরা আজও বিভিন্ন সমস্যায় জর্জরিত। অর্থের অভাবে সাংবাদিক ও তাদের পরিবার উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতেও অনেক সাংবাদিক পরিবার বঞ্চিত। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হচ্ছে।
দুর্নীতির খবর লেখার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এমনকি দাগী অপরাধীর মতো বাড়ি থেকেই গ্রেপ্তার করা হচ্ছে – যেমন নাওবইচার সাংবাদিক অঞ্জন উপাধ্যায়। গুয়াহাটির প্রাগজ্যোতিষপুর থানায় সংবাদ সম্মেলনে প্রশ্ন করার জন্য পুলিশ আধিকারিকের সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
সরকারের কাছে ২টি মূল দাবি
এই পরিস্থিতিতে বার্তাজীবী সংঘ সরকারের কাছে দুটি মূল দাবি জানিয়েছে:
১. রাজ্যে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
২. অসম বিধানসভার চলতি অধিবেশনেই রাজ্যের সাংবাদিকদের সকল প্রকার সুরক্ষা নিশ্চিত করতে একটি আইন প্রণয়ন করতে হবে
সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদেরও পেশাগত মর্যাদা অটুট রাখার আহ্বান জানান। একইসঙ্গে সাংবাদিকদের সমস্যা সমাধানে রাজ্যের শাসক ও বিরোধী সব বিধায়কের সহযোগিতা কামনা করেন তারা।












