“আসাম সরকার দ্রুততম সময়ে বরাকের অন্যতম গণদাবি “ভাষাশহিদ স্টেশন, শিলচর” নামকরণের গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করুক:শহিদ স্মরণ সমিতি

বরাককণ্ঠ প্রতিবেদন: ২০০৫ সাল থেকে দীর্ঘ আন্দোলনের পর বিধি নিয়মের বিভিন্ন পর্যায় অতিক্রম করে ‘ভাষাশহিদ স্টেশন, শিলচর” নামকরণের প্রস্তাব নিয়মমাফিক আসাম সরকারের গৃহ ও রাজনৈতিক দফতর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো ২০১৬ সালে আসাম সরকারের প্রস্তাবের প্রথম প্যারাগ্রাফেই বলা হয়, জায়গার নাম অক্ষুন্ন রেখে ভাষাশহিদ স্টেশন নামকরণ করা যেতে…

বরাককণ্ঠ প্রতিবেদন: ২০০৫ সাল থেকে দীর্ঘ আন্দোলনের পর বিধি নিয়মের বিভিন্ন পর্যায় অতিক্রম করে ‘ভাষাশহিদ স্টেশন, শিলচর” নামকরণের প্রস্তাব নিয়মমাফিক আসাম সরকারের গৃহ ও রাজনৈতিক দফতর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো ২০১৬ সালে আসাম সরকারের প্রস্তাবের প্রথম প্যারাগ্রাফেই বলা হয়, জায়গার নাম অক্ষুন্ন রেখে ভাষাশহিদ স্টেশন নামকরণ করা যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের প্রস্তাব পরীক্ষা করে অনুমোদন প্রদান করে সে বছরেরই ৭ নভেম্বর রাজ্য সরকারকে পরবর্তী পদক্ষেপ হিসেবে স্টেশনের নতুন নামের বানান হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষায় গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের আরও দশটি বিভাগ সহ রেল ও স্বরাষ্ট্র মন্ত্রকে প্রেরণের নির্দেশ দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেই নির্দেশের প্রায় দশ বছর অতিক্রান্ত। বারবার আবেদন-নিবেদন করার পরও আসাম সরকারের পক্ষ থেকে সেই বহুপ্রতীক্ষিত গ্যাজেট বিজ্ঞপ্তি জারি হয়নি। গত ১৭ এপ্রিল থেকে বরাকের বিভিন্ন সংবাদ ও সামাজিক মাধ্যমে “ভাষাশহিদ স্টেশন, শিলচর” নামকরণের সপক্ষে জনমত সংগঠন সহ বিভিন্ন সংবাদ ও মতামত উঠে আসছে। ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি, শিলচর সকল পক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এ ব্যাপারে এই স্পষ্টীকরণ তুলে ধরে। ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সম্পাদক ডা: রাজীব কর বলেন, ‘ভাষাশহিদ স্টেশন, শিলচর’ নামকরণ আন্দোলনের শুভাকাঙ্ক্ষী শিলচরের এক আইনজীবীর আরটিআই-এর উত্তরে রেল মন্ত্রকের ১৫ এপ্রিলের উত্তর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। আরটিআই আবেদনকারী রেল মন্ত্রকের কাছে ছয়টি প্রশ্ন মারফত জানতে চেয়েছিলেন যে, শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তনের দাবি মন্ত্রকের কাছে কোন পর্যায়ে আছে। আসাম সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর স্টেশনের নাম পরিবর্তনের কোনও প্রস্তাব রেল দফতরে পাঠিয়েছেন কি না ইত্যাদি। রেল মন্ত্রক সরাসরি জানিয়েছে যে মন্ত্রকের কাছে এমন কোনও প্রস্তাব আসেনি। সেই সঙ্গে রেল মন্ত্রক স্পষ্ট ভাষায় রেলস্টেশনের নাম পরিবর্তনের উপযুক্ত এবং একমাত্র কর্তৃপক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলে জানিয়ে দিয়েছে। রেল নয়, রেলস্টেশনের নাম পরিবর্তনের উপযুক্ত কর্তৃপক্ষ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সে জায়গায় নজর না দিয়ে এরপর থেকে অনেকে অনেক ধরনের মতামত ব্যক্ত করছেন। কেউ কেউ বলছেন, কেন্দ্রের কাছে এখনও ‘ভাষাশহিদ স্টেশন, শিলচর” নামকরণের কোনও প্রস্তাবই যায়নি। ডা: রাজীব কর জানান, “আমাদের আন্দোলনের অভিমুখ তাই বর্তমানে রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি জারি করা নিয়েই। যেহেতু রাজ্য সরকার এখনও গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেনি, তাই রেল মন্ত্রকের কাছে স্টেশনের নাম পরিবর্তনের কোনও প্রস্তাব বা স্টেটাস থাকার কথা নয়। তাই বলে কেন্দ্র সরকারের কাছে কোনও প্রস্তাবই যায়নি এমন ভাবাও বাস্তবসম্মত নয়। ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির দাবি, “আসাম সরকার দ্রুততম সময়ে বরাকের অন্যতম গণদাবি “ভাষাশহিদ স্টেশন, শিলচর” নামকরণের গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করুক। এবং এর তদারকিতে বরাকের জনপ্রতিনিধিরা সক্রিয় থাকুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *