,

আজ ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ব্যতিক্রম PR অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস কনক্লেভ ২০২৬’

জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশনের পরিবর্তনশীল দিক নিয়ে এক মঞ্চে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও শিল্পজগতের ব্যক্তিত্ব বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : জনসংযোগ (PR) ও কর্পোরেট কমিউনিকেশনের পরিবর্তনশীল ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে আজ গুয়াহাটির দিশপুরস্থিত নেডফি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘ব্যতিক্রম PR অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস কনক্লেভ ২০২৬’। ব্যতিক্রম গ্রুপ এবং গৌহাটি…

জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশনের পরিবর্তনশীল দিক নিয়ে এক মঞ্চে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও শিল্পজগতের ব্যক্তিত্ব

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : জনসংযোগ (PR) ও কর্পোরেট কমিউনিকেশনের পরিবর্তনশীল ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে আজ গুয়াহাটির দিশপুরস্থিত নেডফি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘ব্যতিক্রম PR অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস কনক্লেভ ২০২৬’। ব্যতিক্রম গ্রুপ এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনক্লেভে জনসংযোগ, কর্পোরেট যোগাযোগ, সংবাদমাধ্যম ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা এক মঞ্চে সমবেত হন।

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত প্রসার এবং পরিবর্তনশীল মিডিয়া পরিসরের ফলে কোনও প্রতিষ্ঠানের ভাবমূর্তি, বিশ্বাসযোগ্যতা ও জনসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশনের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুধু তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই নয়, প্রতিষ্ঠানের সুনাম রক্ষা, সংকটকালীন পরিস্থিতিতে কার্যকর যোগাযোগ, জনমত বোঝা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলাও বর্তমানে এই পেশার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই পরিবর্তনশীল প্রেক্ষাপটকে সামনে রেখেই আয়োজিত হয় এবারের কনক্লেভ।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বিশিষ্ট অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং নর্থইস্ট লাইভ-এর এডিটর-ইন-চিফ ওয়াসবির হুসেইন, ডেটামেশনের সিইও পবন আগরওয়াল, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. অঙ্কুরন দত্ত, সাংবাদিক ও এনবি মার্কস পাবলিক রিলেশনস-এর প্রতিষ্ঠাতা সন্দীপন পণ্ডিত এবং ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া প্রমুখ।

কনক্লেভের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় তিনটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা। আলোচনায় জনসংযোগ, কর্পোরেট কমিউনিকেশন, সংবাদমাধ্যম, শিক্ষা এবং শিল্পক্ষেত্রের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশনের পরিবর্তিত ভূমিকা, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম গড়ে তোলার কৌশল, ডিজিটাল যুগে যোগাযোগের নতুন পদ্ধতি, সংবাদমাধ্যম ও কর্পোরেট জগতের পরিবর্তিত সম্পর্ক, সংকটকালীন যোগাযোগ এবং নৈতিক ও দায়িত্বশীল যোগাযোগের প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন দ্য অসম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির রয়্যাল স্কুল অব কমিউনিকেশন অ্যান্ড মিডিয়ার প্রফেসর অব প্র্যাকটিস ময়ূখ হাজারিকা, গ্রিড কন্ট্রোলার অব ইন্ডিয়া লিমিটেড-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—পাবলিক রিলেশনস কুওলি হাজারিকা, এনটিপিসি, বঙ্গাইগাঁও-এর ডেপুটি জেনারেল ম্যানেজার—কর্পোরেট কমিউনিকেশন মধুর্য্য সিংহ লাহকর, তেজপুর বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রফেসর জয়া চক্রবর্তী, কৃষ্ণকান্ত হান্ডিকি স্টেট ওপেন ইউনিভার্সিটির ভূপেন হাজৰিকা স্কুল অব মাস কমিউনিকেশনের প্রফেসর ও ডিরেক্টর ড. জয়ন্ত কুমার শর্মা, অসম সরকারের মাননীয় কৃষিমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীর পিআরও স্বাক্ষর ডেকা, প্রেস ইনফরমেশন ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রণব কুমার নাথ, রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়, অরুণাচল প্রদেশের মাস কমিউনিকেশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নওয়াজ খান থৌবা, তেজপুর বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. মনোজ দেওর, ক্যারিয়ার স্পার্ক-এর প্রতিষ্ঠাতা দীনেশ লাহোটি, ট্রাইডেন্ট ব্র্যান্ডকম-এর ম্যানেজিং পার্টনার সুধা লস্কর, কটন বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ড. সায়নিকা দত্ত, এনআরএল-এর চিফ জেনারেল ম্যানেজার—এইচআরএস, কর্পোরেট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস রাজীব কুমার ভট্টাচার্য্য, ডিডি নিউজ অসমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও ‘যোজনা’-র অসমিয়া সংস্করণের সম্পাদক মারুফ আলম, তেজপুর বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. অঞ্জুমান বরা, PRSI, গুয়াহাটি চ্যাপ্টারের চেয়ারপার্সন রুমা চক্রবর্তী, নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের চিফ পাবলিক রিলেশনস অফিসার কপিঞ্জল কিশোর শর্মা, প্রেস ইনফরমেশন ব্যুরোর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার স্মিতা শইকীয়া, রিলায়েন্স জিও ইনফোকম-এর প্রাক্তন কর্পোরেট কমিউনিকেশনস হেড অঞ্জলি চিত্তরঞ্জন, ট্রান্সফরমেশনাল কোচ ড. আলপনা চৌধুরী এবং ডন বস্কো বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ড. জ্যোতিষা শইকীয়া প্রমুখ।

আলোচনাচক্র পরিচালনা করেন ভ্যানটেজ গ্রুপের সিনিয়র মিডিয়া স্পেশালিস্ট গৌরব গৌতম সাহা, ডিডি নিউজ অসমের সিনিয়র অ্যাঙ্কর কৃপাঞ্জল রাজবংশী এবং ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের ডিরেক্টর মুন তালুকদার।

কনক্লেভের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘ব্যতিক্রম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন PR অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস’ প্রদান। জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশন ক্ষেত্রে দীর্ঘদিনের অসামান্য অবদান এবং উত্তর-পূর্ব ভারতে এই পেশার বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রবীণ জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশন বিশেষজ্ঞ এবং PRCI, গুয়াহাটি চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম লস্করকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মান গ্রহণ করে নুরুল ইসলাম লস্কর বলেন, “জনসংযোগ এমন একটি ক্ষেত্র, যেখানে মানুষের আস্থা অর্জনই সবচেয়ে বড় সম্পদ। সময়ের সঙ্গে PR-এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে এবং বর্তমানে ডিজিটাল যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও কর্পোরেট স্বচ্ছতা এর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে মাধ্যম যতই পরিবর্তিত হোক, সঠিক তথ্য, সততা, নৈতিকতা এবং মানুষের সঙ্গে বিশ্বাসের সম্পর্কই জনসংযোগের মূল ভিত্তি। ব্যতিক্রম PR ও কর্পোরেট কমিউনিকেশনস কনক্লেভের মতো উদ্যোগ নতুন প্রজন্মকে এই পেশার বাস্তবতা ও সম্ভাবনা সম্পর্কে জানতে সাহায্য করবে। এই সম্মাননা আমার কাছে শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং উত্তর-পূর্ব ভারতে PR পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সকল সহকর্মীর প্রতি একটি সম্মান হিসেবে আমি গ্রহণ করছি।”

বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং নর্থইস্ট লাইভ-এর এডিটর-ইন-চিফ ওয়াসবির হুসেইন বলেন, “আজকের সময়ে সংবাদমাধ্যম, জনসংযোগ এবং কর্পোরেট কমিউনিকেশন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারের ফলে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি সঠিক, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল যোগাযোগের প্রয়োজনীয়তাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি শুধু প্রচারের মাধ্যমে তৈরি হয় না, বরং স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং মানুষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মধ্য দিয়েই তা গড়ে ওঠে। এই ধরনের কনক্লেভ পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে যোগাযোগের পরিবর্তনশীল পরিসর সম্পর্কে নতুনভাবে ভাবার সুযোগ করে দেয়। ব্যতিক্রম গ্রুপের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী এবং প্রশংসনীয়।”

ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া বলেন, “বর্তমান সময়ে জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশন আর শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম নয়, এটি একটি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, ভাবমূর্তি এবং মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। ডিজিটাল যুগে যোগাযোগের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন চিন্তাভাবনা, প্রযুক্তি ও কৌশলকে গ্রহণ করা অত্যন্ত জরুরি। ব্যতিক্রম সবসময়ই নতুন প্রজন্মের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এমন মঞ্চ তৈরি করতে আগ্রহী। আজকের এই কনক্লেভের মাধ্যমে পেশাজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিল্পক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের একত্রিত করে পারস্পরিক মতবিনিময়ের যে সুযোগ তৈরি হয়েছে, তা আগামী দিনে PR ও কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ খুলে দেবে বলে আমরা বিশ্বাস করি।”

কনক্লেভের অন্যতম আকর্ষণ ছিল ‘পিচিং কম্পিটিশন অন CSR আইডিয়াস’। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR)-কে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা তাঁদের অভিনব ও বাস্তবসম্মত ভাবনা বিচারকদের সামনে উপস্থাপন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অদিতি উপাধ্যায়, রীতা ছেত্রী, বর্ণিকা ঘোষ, কৌস্তভ শর্মা, অঙ্কিতা ভট্টাচার্য এবং স্মৃতি রানা। সামাজিক উন্নয়ন, দায়িত্বশীল কর্পোরেট উদ্যোগ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনাকে সামনে রেখে অংশগ্রহণকারীরা তাঁদের বিভিন্ন CSR ধারণা তুলে ধরেন। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তাভাবনা ও সামাজিক দায়বদ্ধতার ভাবনাকে একটি কার্যকর মঞ্চ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে কনক্লেভে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। তাঁদের অংশগ্রহণ ও মতামত কনক্লেভের আলোচনা ও ভাববিনিময়কে আরও সমৃদ্ধ করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *