টিকিট বুকিংয়ে ধীরগতি ও ক্যাপচা সমস্যার সমাধান, তৎকাল বুকিং হবে আরও সহজ, খাবারের গুণমান নজরে কৃত্রিম বুদ্ধিমত্তা
বিশেষ প্রতিবেদন: আগামী ১৫ জুলাই ২০২৬-এর মধ্যেই চালু হয়ে যাবে রেল স্বীকৃত সংস্থা আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট। রাজস্থানের জয়পুরে এমএনআইটি নামক এক শিক্ষাপ্রতিষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দীর্ঘদিন ধরে যাত্রীদের বড় অংশের অভিযোগ ছিল, টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট নিষ্ক্রিয় হয়ে যায়, ধীর গতিতে কাজ করে এবং কখনও কখনও সার্ভারের সমস্যাও দেখা দেয়। নতুন ওয়েবসাইটে সে সবের সমাধান করা হবে বলেও বার্তা দিয়েছেন রেলমন্ত্রী। জয়পুরের এমএনআইটি-তে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার মাঝে এক ছাত্রী আইআরসিটিসি-র ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের নানা সমস্যার কথা জানান। তিনি রেলমন্ত্রীকে বলেন, টিকিট বুকিংয়ের সময়ে ক্যাপচার সমস্যা হয়, লক্ষ মানুষ এটা ব্যবহার করেন, এটা ঠিক করা হলে খুব ভালো হয়। তা শোনা মাত্রই পড়ুয়াদের মাঝে দাঁড়িয়ে কোনও এক সরকারি আধিকারিককে ফোন করেন রেলমন্ত্রী। তাঁর কাছে রেলমন্ত্রী জানতে চান, ৩০ দিনে নতুন ওয়েবসাইট তৈরি করা সম্ভব কি না। উল্টো দিক থেকে তিনি সম্ভবত সদর্থক উত্তরই পেয়েছেন। এর পরেই ফোন রেখে রেলমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট চালু হয়ে যাবে। রেল মন্ত্রকের বক্তব্য, নতুন ওয়েবসাইটটি আরও কর্মক্ষম হবে। দ্রুত টিকিট বুক করা সম্ভব হবে তাতে। সেটি যাতে আধুনিক এবং ব্যবহারকারী-বান্ধব হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। তৎকাল বুকিংয়ের তথ্যও আরও সহজে পাওয়া যাবে। এই মাসের শুরুতে আইআরসিটিসি ঘোষণা করেছে, রেল স্টেশন এবং ট্রেনে পরিবেশিত খাবারের স্বাস্থ্যবিধি ও গুণমান বজায় রাখার জন্য তারা তাদের নজরদারি ব্যবস্থা আরও জোরদার করেছে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়েছে আইআরসিটিসি।












